
রাজ্য রাজনীতি থেকে সরাসরি জাতীয় পর্যায়ে উঠে এলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। তাঁর কাঁধে এখন আরও বড় দায়িত্ব। এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন তিনি। রবিবার এসএফআই সংগঠনে রদবদল হয়েছে। তাতে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে অনুষ্ঠিত হচ্ছিল সংগঠনের সম্মেলন। সেই সম্মেলনের শেষ দিনেই নতুন সাধারণ সম্পাদক ও সভাপতির নাম ঘোষণা করা হয়।
৩২ বছর বয়সী সৃজন ভট্টাচার্য যাদবপুরের বাসিন্দা। ছাত্র রাজনীতির মঞ্চে শুরু থেকেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। সংগঠনে নিষ্ঠার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বাম রাজনীতিতে তিনি এক সুপরিচিত বক্তা হিসেবে পরিচিত। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও ইতিমধ্যে হয়েছে তাঁর।
দীর্ঘদিন এসএফআই-এর রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। পরে বয়সজনিত কারণে সেই পদ ছাড়তে হয় তাঁকে। তবুও সংগঠনের প্রতি নিষ্ঠা অটুট ছিল। এবার তারই স্বীকৃতি মিলল—নতুন পদ ও বাড়তি দায়িত্বে এল উত্তরণ।
এর আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। বয়স সীমা ছাড়িয়ে যাওয়ায় তাঁকে দায়িত্ব ছাড়তে হয়। সংগঠনের নিয়ম অনুযায়ী, ৩৫ বছরের পর আর সদস্য থাকা যায় না। সৃজনের বয়স এখন ৩২, তাই তিনি আগামী তিন বছর এই পদে থাকতে পারবেন। অপরদিকে, সংগঠনের নতুন সভাপতি আদর্শ এম সাজি কেরলের ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কোঝিকোড়ে সংগঠনের সম্মেলনের শেষদিন সৃজন ও আদর্শের নতুন দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে। তাঁদের অভিনন্দন জানিয়েছে দলীয় নেতৃত্ব।



