জাতীয়

রামায়ণ যাত্রায় বিশেষ ট্রেনের আয়োজন রেলের, ১৭ দিনে ঘোরা যাবে রামের ৩০টি পবিত্র স্থান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রামায়ণ যাত্রায় বিশেষ ট্রেনের আয়োজন রেলের, ১৭ দিনে ঘোরা যাবে রামের ৩০টি পবিত্র স্থান - West Bengal News 24

রামভক্তদের জন্য বিশেষ পদক্ষেপ নিল ভারতীয় রেল। রেলের পর্যটন শাখা আইআরসিটিসি (IRCTC)-র তরফে শুরু হল ‘শ্রী রামায়ণ যাত্রা’ নামে একটি বিশেষ ট্রেন। এই যাত্রাপথে ১৬ রাত ১৭ দিনে রামের জীবনঘনিষ্ঠ ৩০টি তীর্থস্থানে নিয়ে যাওয়া হবে পর্যটকদের। ট্রেনটির যাত্রা শুরু হবে আগামী ২৫ জুলাই দিল্লির সফদরজং স্টেশন থেকে এবং শেষ হবে রামেশ্বরমে।

রেল সূত্রের খবর অনুযায়ী, দিল্লি থেকে রওনা দিয়ে এই ট্রেন অযোধ্যা (রাম জন্মভূমি), নন্দীগ্রাম, ভরতকুণ্ড, ভরত-হনুমান মন্দির ঘুরে পৌঁছবে নেপালের জনকপুরে (সীতা মায়ের জন্মস্থান)। এরপর সীতামঢ়ী, বক্সার, বারাণসী, প্রয়াগরাজ, শ্রিংগবেরপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি, রামেশ্বরম ও ধনুষকোডির মতো পবিত্র স্থানগুলিও অন্তর্ভুক্ত থাকছে সফরে। প্রতিটি গন্তব্যেই রয়েছে রামের লীলাস্থল।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, দীর্ঘ এই সফরে যাত্রীদের জন্য থাকবে শীততাপ নিয়ন্ত্রিত কোচ, নিরামিষ খাবার, গাইড, স্থানীয় যাতায়াত ব্যবস্থা এবং তীর্থস্থানে প্রবেশের যাবতীয় সুবিধা। পাশাপাশি পর্যটকদের সুরক্ষার দিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় থেকেই রামভক্তদের সুবিধার্থে রেল ও বিমান পরিবহণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। শুরুতে প্রচুর ভিড় হলেও, সময়ের সঙ্গে সঙ্গে ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমেছে বলে রিপোর্টে উঠে এসেছে।

আইআরসিটিসির তরফে জানানো হয়েছে, “রামভক্তদের কথা মাথায় রেখেই এই বিশেষ ট্রেন ফের চালু করা হয়েছে। এবার এটি পঞ্চমবার যাত্রা করবে।” ১৭ দিনের এই সফরে যাত্রীদের খরচ পড়বে শ্রেণি অনুযায়ী: ৩-Tier AC-তে ১,১৭,৯৭৫ টাকা, ২-Tier AC-তে ১,৬৬,৩৮০ টাকা এবং ১st AC-তে ১,৭৯,৫১৫ টাকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য