রাজ্য

নীতি আয়োগের রিপোর্টে বাংলার সাফল্য, অর্থনীতি ও কর্মসংস্থানে নজরকাড়া অগ্রগতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Niti Aayog Report West Bengal : নীতি আয়োগের রিপোর্টে বাংলার সাফল্য, অর্থনীতি ও কর্মসংস্থানে নজরকাড়া অগ্রগতি - West Bengal News 24

রাজ্যে কর্মসংস্থানে দৃশ্যমান উন্নতি ও আর্থসামাজিক ক্ষেত্রে অগ্রগতির ছবি ধরা পড়ল নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে। পশ্চিমবঙ্গের এই সাফল্য ঘিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘এক্স’-এ বার্তা দিয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২২-২৩ অর্থবর্ষের নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ, যেখানে দেশের গড় বেকারত্ব ৩.২ শতাংশ। অর্থাৎ জাতীয় গড়ের তুলনায় রাজ্যে বেকারত্ব প্রায় ৩০ শতাংশ কম। এই পরিসংখ্যানকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

রাজ্যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়নমূলক পরিকল্পনার ফল হিসেবেই এই অগ্রগতি, মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই রাজ্যে কর্মসংস্থান তৈরি, যুব সম্প্রদায়ের জন্য কাজের সুযোগ এবং গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর জোর দিয়ে এসেছেন। ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘রুপশ্রী’, ‘যুবশ্রী’-র মতো একাধিক প্রকল্প ইতিমধ্যেই দেশজুড়ে প্রশংসিত হয়েছে।

রিপোর্টে আরও নানা ইতিবাচক তথ্য উঠে এসেছে। যেমন, ২০১১ সালের হিসাব অনুযায়ী, বাংলার সাক্ষরতার হার ৭৬.৩ শতাংশ, যেখানে দেশের গড় ৭৩ শতাংশ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে পাশের হারও জাতীয় গড়ের তুলনায় বেশি। স্কুলছুটের হার তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্যক্ষেত্রেও রাজ্য এগিয়ে—২০২০ সালের রিপোর্ট বলছে, পশ্চিমবঙ্গে মানুষের গড় আয়ু ৭২.৩ বছর, যা দেশের গড়ের তুলনায় বেশি। একই সময়ে, প্রতি হাজার পুরুষে রাজ্যে জন্মানো শিশুকন্যার সংখ্যা ৯৭৩, যা জাতীয় গড় ৮৮৯ থেকে অনেকটাই বেশি। প্রতি হাজারে শিশুমৃত্যুর হার ১৯, এবং পানীয় জল সহ পরিকাঠামোতেও রাজ্য উন্নতি করেছে বলে রিপোর্টে উঠে এসেছে।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘এক্স’-এ লেখেন, “এই সাফল্য রাজ্যের উন্নয়নের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ। রাজ্যের মানুষ এই উন্নয়নের অংশীদার।” একই সঙ্গে তিনি রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button