জাতীয়

বেজিং সফরে জয়শংকর, ভারত-চিন সম্পর্ক মেরামতে জোর ‘মুক্ত আলোচনায়’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

S. Jaishankar : বেজিং সফরে জয়শংকর, ভারত-চিন সম্পর্ক মেরামতে জোর ‘মুক্ত আলোচনায়’ - West Bengal News 24

চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নতুন দিক খুলতে বেজিংয়ে পা রাখলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। এসসিও (SCO) সম্মেলনে যোগ দিতে সোমবার তিনি চিন সফরে যান। সেখানে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি বলেন, ‘অশান্ত বিশ্বে ভারত-চিনের একে অপরের প্রতি সহযোগিতা ও মুক্ত আলোচনা হওয়া জরুরি।’

২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর এটাই তাঁর প্রথম চিন সফর। যদিও সেই সংঘাতের পরে সীমান্ত পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও, কূটনৈতিক স্তরে দু’দেশের টানাপোড়েন এখনও অব্যাহত। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে চিনের সহায়তা এবং দলাই লামা ইস্যুতে দ্বন্দ্ব— সব মিলিয়ে এই সফর আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে।

বেজিংয়ে পৌঁছে জয়শংকর বলেন, ‘বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। এই কঠিন সময়ে ভারত ও চিনের মধ্যে আলোচনা ও দৃষ্টিভঙ্গির উন্মুক্ত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরের সময় এই ধরনের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সফরের আরেক গুরুত্বপূর্ণ দিক— দীর্ঘ পাঁচ বছর পর কৈলাস ও মানস সরোবর যাত্রা ফের চালু হওয়ার ঘোষণা। জয়শংকর বলেন, এই উদ্যোগ ভারতে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ‘গতবছর কাজানে মোদি ও জিনপিংয়ের বৈঠকের পর দুই দেশের সম্পর্ক উন্নতির দিকে গিয়েছে। আমি নিশ্চিত এই সফরে সেই আলোচনা আরও ইতিবাচক দিকে গড়াবে।’

এর আগে চিন সফর করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সেই কূটনৈতিক ধারাবাহিকতায় বেজিং গেলেন জয়শংকর। জানা গিয়েছে, এই সফরে তিনি চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন এবং অন্যান্য অংশগ্রহণকারী দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবেন।

আরও পড়ুন ::

Back to top button