এসএসসি মামলা: নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ নয়, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্বস্তিতে রাজ্য
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এসএসসি-র নতুন বিধি নিয়ে দায়ের করা মামলায় হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। সোমবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, বর্তমান পরিস্থিতিতে শিক্ষক নিয়োগের বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করতে চায় না। ফলে ২০২৫ সালের নতুন বিধি অনুসারেই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিচারপতি সঞ্জয় কুমার বলেন, “চিহ্নিত অযোগ্যরা এমনিই বাদ হয়ে গিয়েছে। তারা পরীক্ষায় বসছে না। ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা পরীক্ষায় বাড়তি সুযোগ পেলে ক্ষতি কি? তাঁদের তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। আমরা কখনও বলিনি রুলস ফ্রোজেন। নতুন বিধি আনার ক্ষমতা এসএসসির আছে। আমরা কখনও বলিনি কোন বিধি অনুযায়ী নিয়োগ হবে।” এই যুক্তিকে মেনেই সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেনি।
প্রসঙ্গত, আগে দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করা হয়। ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেল সম্পূর্ণ বাতিল হওয়ায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি এবং একইসঙ্গে নতুন বিধিও চালু করা হয়। এই নতুন নিয়মে পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর অতিরিক্ত ও বয়সে ছাড় দেওয়ার বিষয়টি নিয়েই প্রশ্ন তোলেন কিছু চাকরিপ্রার্থী। তাঁরা দাবি জানান, ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিতদের কেন পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে?
এই বিষয়ে কলকাতা হাই কোর্টে মামলা হয়। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের বেঞ্চ সেই আবেদন খারিজ করে জানায়, ২০২৫-এর নতুন নিয়ম মেনেই নিয়োগ হবে, তবে আগের নির্দেশ মোতাবেক চিহ্নিত ‘অযোগ্য’রা পরীক্ষায় বসতে পারবেন না। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিপ্রার্থীরা যান সুপ্রিম কোর্টে, কিন্তু সেখানেও তাদের আবেদন খারিজ হল।



