রাজ্য

“নাম বাদ দিতে হলে আমার দেহ পেরোতে হবে”, SIR ইস্যুতে বিজেপিকে কড়া বার্তা মমতার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee : “নাম বাদ দিতে হলে আমার দেহ পেরোতে হবে”, SIR ইস্যুতে বিজেপিকে কড়া বার্তা মমতার - West Bengal News 24

SIR (বিশেষ নিবিড় সংশোধন)-কে ঘিরে আবারও কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘‘নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে’’—এই বার্তা দিয়েই ঝাড়গ্রামের ভাষা আন্দোলনের সভা থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ জানান তিনি। এদিন রাজনৈতিক বিভেদ ভুলে বাংলাকে রক্ষার ডাকও দিলেন মমতা।

মুখ্যমন্ত্রী আগেই অভিযোগ করেছিলেন, কেন্দ্র SIR-এর আড়ালে NRC (জাতীয় নাগরিকপঞ্জি) চালুর ষড়যন্ত্র করছে। এবার ঝাড়গ্রামের মঞ্চ থেকে ফের সাফ জানিয়ে দিলেন, ‘“এনআরসি মানছি না, মানব না।”’ নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মমতা বলেন, ‘“নাম বাদ দিতে হলে আমার দেহ পেরিয়ে যেতে হবে, এনআরসি মানছি না, মানব না।”’

বাংলার নির্বাচিত প্রতিনিধি ও নাগরিকদের নামে অসম সরকারের পাঠানো NRC সংক্রান্ত নোটিশ নিয়েও ক্ষুব্ধ হন মমতা। তাঁর কটাক্ষ—’“ওটা বেআইনি। গণতন্ত্র বিরোধী, অসংবিধানিক। অসম সরকার এই নোটিস পাঠাতে পারে না। ধিক্কার জানাই।”’ সেই সঙ্গে তিনি নাগরিকদের বলেন, ‘এই রকম চিঠি ভবিষ্যতে পেলে যেন কেউ সেখানে না যান।’

২০২৬-এর ভোটের আগে বাঙালি চেতনা ও আত্মপরিচয়কেই হাতিয়ার করছেন মমতা। সিধু-কানুর ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক রঙ ভুলে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘“ভুলে যান পার্টি, ভুলে যান রাজনৈতিক দল। আপনার ঠিকানা, আপনাকেই রক্ষা করতে হবে। একটিও নাম যেন বাদ না যায়।”’

২১ জুলাইয়ের সভায় ভাষা আন্দোলনের প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার ঝাড়গ্রামের সভা থেকেই ফের বাংলার ভাষা ও সংস্কৃতির মর্যাদার দাবিতে সওয়াল করেন তিনি। কেন্দ্রকে নিশানা করে বলেন, ‘রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ, বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন?’ এরপর যোগ করেন, ‘“স্বাধীনতা আন্দোলনের, নবজারণ শুরু করেছিল বাংলা। বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না। পৃথিবী হয় না।”’

তাঁর অভিযোগ, অন্য রাজ্যে কেউ বাংলা বললেই তাঁকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলার শ্রমিকদের তিনি নিজ রাজ্যে ফিরে আসার আহ্বানও জানান।

আরও পড়ুন ::

Back to top button