আন্তর্জাতিকজাতীয়

এই মাসেই ভারতে আসছেন পুতিন! ট্রাম্পের ‘শুল্কবাণ’-এর মাঝেও রাশিয়ার সঙ্গে সুসম্পর্কে জোর নয়াদিল্লির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Narendra Modi and Vladimir Putin : এই মাসেই ভারতে আসছেন পুতিন! ট্রাম্পের ‘শুল্কবাণ’-এর মাঝেও রাশিয়ার সঙ্গে সুসম্পর্কে জোর নয়াদিল্লির - West Bengal News 24

রুশ তেল আমদানি নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলা চাপানউতোরের মধ্যেই এক নতুন মোড়। জানা গিয়েছে, আগস্ট মাসেই ভারতে সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের রাশিয়া সফরের পর একটি রুশ সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসের শেষদিকে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে পারেন পুতিন।

এর আগে সাংহাইয়ে হতে চলা SCO শীর্ষ সম্মেলনেও মোদি-পুতিন সাক্ষাৎ হতে পারে বলে খবর। তবে সেই বৈঠকের পরে ফের দিল্লি সফর করবেন রুশ প্রেসিডেন্ট। ২০২১ সালের পর এই প্রথমবার ভারতে আসছেন তিনি। এই সফর আমেরিকার সঙ্গে বাণিজ্য উত্তেজনার আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শুল্কবাণ’-এর মধ্যে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে বাড়তি চাপের মুখে ভারত। তবে সেই চাপকে গুরুত্ব না দিয়ে মঙ্গলবার রাশিয়া পৌঁছেছেন অজিত ডোভাল। সূত্রের খবর, তাঁর এই সফরে রাশিয়ার সঙ্গে বড় মাপের তেল আমদানি চুক্তি হতে পারে, যেখানে ভারতকে আরও ছাড় দেওয়া হতে পারে বলেও সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প যতই ভারত-রাশিয়া সম্পর্ককে ব্যাহত করার চেষ্টা করুন না কেন, নয়াদিল্লি পরিষ্কারভাবে মস্কোর সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করতে আগ্রহী। ডোভালের সফরও তারই ইঙ্গিত দিচ্ছে।

মস্কোর সংবাদমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’-এর মতে, পুতিনের ভারত সফরের বিষয়ে অজিত ডোভাল নিজেই জানিয়েছেন। তাঁকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “আমাদের মধ্যে (ভারত ও রাশিয়া) একটা বিশেষ সম্পর্ক আছে বরাবর। আমরা সেই সম্পর্ককে খুব গুরুত্ব দিই। নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সমস্ত বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। চলতি মাসে প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিয়ে আমরা খুব আনন্দিত। দিনক্ষণ চূড়ান্ত হওয়ার অপেক্ষামাত্র।”

আরও পড়ুন ::

Back to top button