ক্রিকেট

‘পারফর্ম করলে কেন অবসর নেবে?’- রোহিত-বিরাটকে নিয়ে সৌরভের স্পষ্ট বার্তা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sourav Ganguly : ‘পারফর্ম করলে কেন অবসর নেবে?’- রোহিত-বিরাটকে নিয়ে সৌরভের স্পষ্ট বার্তা - West Bengal News 24

ইংল্যান্ড সফরে শুভমান গিলদের দুরন্ত পারফরম্যান্সের পর থেকেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে জল্পনা শুরু হয়। দু’জন আগেই টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন। ইংল্যান্ড সফরের আগে বিদায় নিয়েছেন টেস্ট ফরম্যাট থেকেও। ফলে প্রশ্ন উঠছে— এবার কি তাঁরা ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিতে চলেছেন?

দু’বছর পর দক্ষিণ আফ্রিকায় হবে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে রোহিত ও বিরাটকে কি রাখা হবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিষয়টি জিজ্ঞেস করা হয়। রবিবার এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “এটা নিয়ে আমি খুব একটা কিছু জানি না। তাই কোনও মন্তব্য করতে পারব না। কে খেলবে আর কে খেলবে না, সেটা বলা খুব কঠিন। তবে ওরা যদি ভালো পারফর্ম করে, তাহলে কেন খেলবে না? ভালো খেললে অবশ্যই ওদের খেলা চালিয়ে যাওয়া উচিত। ওয়ানডে ক্রিকেটে বিরাটের রেকর্ড দুর্ধর্ষ। রোহিতেরও তাই। দু’জনেই সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত।”

আসন্ন এশিয়া কাপ নিয়েও আত্মবিশ্বাসী সৌরভ। সেপ্টেম্বরের শুরুতেই শুরু হবে টুর্নামেন্ট। সৌরভের ভাষায়, “ভারত প্রচণ্ড শক্তিশালী টিম। লাল বলে যতটা শক্তিশালী, সাদা বলের ক্রিকেটে তার চেয়ে আরও বেশি শক্তিশালী দল ভারত। আমার মতে, এশিয়া কাপে ফেভারিট ভারতই। বিশেষ করে দুবাইয়ে যেরকম উইকেট হয়, সেখানে ভারতকে হারানো খুব কঠিন।”

এদিন অভিমন্যু ঈশ্বরণের প্রসঙ্গও ওঠে। দীর্ঘদিন ধরে ভারতীয় টেস্ট স্কোয়াডে থাকলেও সুযোগ পাচ্ছেন না বঙ্গ ওপেনার। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের পাঁচ টেস্টের দলেও ছিলেন, কিন্তু মাঠে নামার সুযোগ মেলেনি। অথচ এই সময়ে এক ডজনেরও বেশি ক্রিকেটারের অভিষেক হয়ে গিয়েছে। সৌরভের বিশ্বাস, শীঘ্রই সুযোগ পাবেন অভিমন্যু। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল ওপেনিংয়ে নিজেদের অবস্থান শক্ত করেছেন, তবে তিন নম্বর জায়গা এখনও নিশ্চিত নয়। কখনও সাই সুদর্শন, কখনও করুণ নায়ার খেলেছেন সেখানে। সৌরভের মতে, ওই পজিশনে অভিমন্যুকে খেলানো যেতে পারে। সৌরভ বলেন, “ওর বয়স কম। ফলে অভিমন্যুর কাছে সময় রয়েছে। আমি নিশ্চিত ও টেস্টে ঠিক সুযোগ পাবে। তবে সুযোগ এলে, সেটা কাজে লাগাতে হবে ওকে। পারফর্ম করতে হবে। ইংল্যান্ড সফর দেখি, তাহলে ওপেন থেকে শুরু করে চার-পাঁচ-ছয় নম্বরে ভারতের সব ব্যাটারই রান করেছে। শুধু তিন নম্বর জায়গাটা ঠিকঠাক করে নিতে হবে।”

মহম্মদ সিরাজ নিয়েও প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। পুরো সিরিজে ধারাবাহিকভাবে দারুণ বোলিং করেছেন তিনি। লম্বা টেস্ট সিরিজের শেষদিকে সাধারণত পেসারদের মধ্যে ক্লান্তি দেখা দিলেও, সিরাজের ক্ষেত্রে তা বোঝা যায়নি। ওভাল টেস্টের শেষদিনেও সর্বস্ব দিয়ে বোলিং করেছেন তিনি। সেই ম্যাচে জসপ্রীত বুমরা না থাকায় ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ এবং হন ম্যাচের সেরা। সৌরভ বলেন, “সিরাজ এখন রোল মডেল। ইংল্যান্ডে যেভাবে বোলিং করল, সেটা দেখে দারুণ লেগেছে। ওভাল টেস্টের শেষ দিনের কথাই ধরুন। দেখে বোঝাই যাচ্ছিল নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছে। হৃদয় দিয়ে বোলিং করেছে। ভারতীয় টিমের বোলিং অ্যাটাককে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যে ওর আছে, সেটা সিরাজ বুঝিয়ে দিয়েছে। ইংল্যান্ড সফরে সিরাজ প্রমাণ করে দিয়েছে, ওকে টিমের কতটা দরকার।”

আরও পড়ুন ::

Back to top button