
আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৎপর বিজেপি। টানা প্রচারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের গেরুয়া শিবির। ইতিমধ্যেই তিন দফা বাংলার মাটিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সূত্রে জানা গেছে, এবার মহালয়ার আগে ফের তিনি রাজ্যে পা রাখতে চলেছেন। পাশাপাশি, দুর্গাপুজোর উদ্বোধন ঘিরে কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও।
গত বিধানসভা ভোটে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু একাধিক বিধায়কের দলত্যাগের কারণে বর্তমানে আসন সংখ্যা কমেছে। তাই আগামী নির্বাচনে আরও আসন বাড়াতে মরিয়া বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় পর্যবেক্ষক ও রাজ্য শীর্ষ নেতৃত্বের সূত্রে খবর, ২০২৫ সালে রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় অন্তত একটি করে জনসভা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনটি সভা সম্পন্ন করেছেন তিনি।
শোনা যাচ্ছে, মহালয়ার আগের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর নবদ্বীপে জনসভা করবেন মোদি। পুজোর পর থেকে আরও জোরদার প্রচারে নামার পরিকল্পনা রয়েছে। মোদি ও শাহ বাংলায় একাধিক বৈঠকেও অংশ নেবেন। তবে এখনও পর্যন্ত সফরের চূড়ান্ত সূচি ঘোষণা করেনি বিজেপি।
উল্লেখযোগ্য বিষয়, এর আগে গত শুক্রবারই প্রধানমন্ত্রী এসেছিলেন বাংলায়। বিকেল ৪টা ৫ মিনিটে দমদম বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেদিন তিনি তিনটি মেট্রো রুটের উদ্বোধন করেন এবং পড়ুয়া ও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে মেট্রো সফরও করেন। পরে দমদমেই একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি।



