ক্রিকেট

কলকাতায় সৌরভের বায়োপিক টিম, জানুয়ারিতে শুরু হবে শুটিং

Sourav Ganguly : কলকাতায় সৌরভের বায়োপিক টিম, জানুয়ারিতে শুরু হবে শুটিং - West Bengal News 24

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য গোটা টিম এখন কলকাতায়। সিনেপ্রেমী ও ক্রিকেটভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে বড়পর্দায় দেখা যাবে প্রিন্স অফ ক্যালকাটার রঙিন ক্রিকেট কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন। এই ছবিতে সৌরভের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও। ইতিমধ্যেই প্রস্তুতিতে মন দিয়েছেন অভিনেতা। চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে তিনি সময় নিচ্ছেন, যার ফলে পিছিয়েছে শুটিংয়ের সূচি। এরই মাঝে কলকাতার নানা জায়গায় রেইকি শুরু করেছে ছবির টিম।

মঙ্গলবার কলকাতায় এসে তাঁরা প্রথমেই গিয়েছেন ইডেন গার্ডেন্সে। এরপর ঘুরেছেন ময়দানে। এখানেই শেষ নয়, সৌরভের ক্রিকেটজীবনের সূচনাস্থল দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন তাঁরা। জানা যাচ্ছে, বুধবার টিমের সৌরভের বাড়ি যাওয়ারও পরিকল্পনা রয়েছে। তবে এতকিছুর মাঝেও এখনই শুটিং শুরু হচ্ছে না। আগামী বছরের জানুয়ারি মাসেই ক্যামেরা ক্লিক হবে, আর শুটিং শুরু হবে কলকাতা থেকেই।

প্রথমে ঠিক হয়েছিল, চলতি বছরের জুলাই মাসেই ছবির শুটিং শুরু হবে। কিন্তু রাজকুমারের গভীর প্রস্তুতির জন্য তা স্থগিত রাখা হয়। এর আগে অভিনেতা বলেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।” রাজকুমারের আরও সংযোজন, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য