এশিয়া কাপের আগে বড় ধাক্কা, দলীপ ট্রফি থেকে ছিটকে শুভমান গিল! নেতৃত্বে আসছেন কে?
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অসুস্থতার কারণে দলীপ ট্রফিতে খেলতে পারছেন না শুভমান গিল। আসন্ন ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। সেই টুর্নামেন্টের আগে তাঁকে দলীপ ট্রফিতে নামতে বলেছিল বিসিসিআই। এমনকি নর্থ জোন দলের অধিনায়কত্বও করার কথা ছিল তাঁর। কিন্তু হঠাৎ ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠছে, তাঁর বদলে নেতৃত্বে আসবেন কে? আর সবচেয়ে বড় প্রশ্ন—তিনি কি এশিয়া কাপে খেলতে পারবেন?
গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক। পুরোপুরি সুস্থ না হওয়ায় দলীপ ট্রফিতে নামতে পারবেন না তিনি। কয়েকদিন আগে তাঁর রক্তপরীক্ষা হলেও চিকিৎসকরা জানাচ্ছেন, ‘উদ্বেগের কিছু নেই। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’ রিপোর্টে আরও উল্লেখ রয়েছে—”তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।”
এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই স্পষ্ট হয়ে যায়, শুভমান দলীপ ট্রফিতে খেলবেন না। জানা গিয়েছে, ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টুর্নামেন্টে তাঁকে পাওয়া যাবে না। ফলে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। যদিও নর্থ জোন বা বিসিসিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে তাঁর অনুপস্থিতিতে উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন অঙ্কিত কুমার।
আগামী কয়েক দিনের মধ্যেই বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্টে অংশ নেবেন গিল। কিন্তু আপাতত তাঁর অসুস্থ হয়ে ছিটকে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনে এশিয়া কাপ, আর সেটাই এখন সবার চিন্তার বিষয়। মনে করা হচ্ছে, তাঁকে পুরোপুরি তৈরি রাখতেই দলীপ ট্রফি থেকে দূরে রাখা হচ্ছে।



