
পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ, দুঃখ, কষ্ট—সবই থাকে। স্বামী-স্ত্রী দুজনের প্রচেষ্টাতেই কেবল সম্পর্ক সুখের হয়। আবার দুঃখ-কষ্টও নেমে আসে দুজনেরই কারণে। অনেক সময় এই কালো মেঘ এমনভাবে নেমে আসে যে সম্পর্কে চির ধরে যায়।
ছোটখাটো বিষয়ে নিয়ে মতবিরোধ, তর্ক-বিতর্ক অনেক সময় বড় অশান্তির ঝড় বয়ে আনে। ঝগড়া-অশান্তির মাধ্যমে কখনোই সমস্যার সমাধান মেলে না। উল্টো সম্পর্কে জটিলতা বাড়তেই থাকে। এমন পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, সে জন্য মানতে পারেন এই টিপসগুলো। নিজেদের ভালোর জন্য দুজনকেই মেনে চলতে হবে। চলুন, জেনে নেওয়া যাক টিপসগুলো।
ধৈর্য
সমস্যা যা-ই হোক, যে কারণেই মনোমালিন্য হোক, ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালে সমস্যার সমাধান না হয়ে উল্টো সম্পর্ক জটিল হবে। বরং মন দিয়ে সঙ্গীর কথা শুনুন। তার সঙ্গে সব বিষয় আলোচনা করুন। এতে সম্পর্ক আরো মজবুত হবে।
আরও পড়ুন :: একজনের সঙ্গে প্রেম করছেন, তবুও আরেকজনকে পছন্দ, কী করবেন?
সময় দিন
সম্পর্কের মাঝে টানাপড়েন থাকেই। কিন্তু এ জন্য একে অন্যকে ছেড়ে যাওয়ার কথা ভাববেন না।
দৈনন্দিন জীবনে নানা কাজের ব্যস্ততা থাকে। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও সঙ্গীকে সময় দিতে হবে। অন্তত দিনের ৩০ মিনিট শুধু একে অন্যের সঙ্গে কাটান। দিনের খুঁটিনাটি বিষয় একে অন্যের সঙ্গে শেয়ার করুন। গল্প করুন। কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে আলোচনা করুন।
বোঝার চেষ্টা
সঙ্গী কী চাইছে এবং কেন চাইছে, সেটা বোঝার চেষ্টা করুন। সঙ্গীর সঙ্গে কোনো বিষয় মতপার্থক্য থাকতে পারে। সঙ্গীর যে জিনিসটা পছন্দ, সেটা আপনার অপছন্দ হতেই পারে। কিন্তু সঙ্গীকে বোঝার এবং নিজে কী চাইছেন সেটাও সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন। একে অন্যের মন বুঝতে পারলে, দুই জনের মধ্যে বোঝাপড়া ঠিক থাকলে সম্পর্কে চিড় ধরবে না। পাশাপাশি সম্পর্ক মধুর হয়ে উঠবে।
ভালোবাসা প্রকাশ
প্রতিদিন হয়তো সঙ্গীর সঙ্গে বিশেষ মুহূর্ত কাটাতে পারেন না। কিন্তু চেষ্টা করুন সব সময় ভালোবাসা প্রকাশ করতে। সঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশে কোনো ক্ষতি নেই। সঙ্গীর প্রতি যত্নশীল হয়ে উঠুন। ভালোবাসা দিয়ে যেকোনো অশান্তি নিয়ন্ত্রণে আনতে পারেন। সম্পর্ককে সুন্দর করে তুলতে ভালোবাসাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
সূত্র : এই সময়



