ক্রিকেট

ক্রিপ্টো ও অনলাইন জুয়া সংস্থাকে বাদ, নতুন স্পনসরের খোঁজে বিসিসিআই

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ক্রিপ্টো ও অনলাইন জুয়া সংস্থাকে বাদ, নতুন স্পনসরের খোঁজে বিসিসিআই - West Bengal News 24

ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন প্রধান স্পনসরের খোঁজে নেমেছে। কেন্দ্রীয় সরকারের নিয়মকানুনের কারণে ড্রিম ১১-কে বিদায় জানাতে হওয়ায় এবার স্পনসর বাছাইয়ে বাড়তি সতর্ক বিসিসিআই। কোন সংস্থার দরপত্র গ্রহণ করা হবে না এবং কোন শর্তে আবেদন করতে হবে, সেই নির্দেশিকা প্রকাশ করেছে বোর্ড। একই সঙ্গে জানানো হয়েছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখও।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন স্পনসর নিয়োগে কোনও তাড়াহুড়ো করা হবে না। আগামী ২ সেপ্টেম্বর থেকে যে কোনও স্বনামধন্য সংস্থা আবেদন জানাতে পারবে। আবেদন পাঠানোর শেষ দিন রাখা হয়েছে ১৬ সেপ্টেম্বর। নির্দেশিকা অনুযায়ী, অনলাইন গেমিং, জুয়া কিংবা ওই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত কোনও সংস্থা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ এর আওতায় পড়ে, তাদের দরপত্র গ্রহণ করা হবে না। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি সংস্থা কিংবা মদ প্রস্তুতকারকরাও আবেদন করতে পারবে না। সারোগেট ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অন্য নামে আবেদন করার সুযোগও বন্ধ করে দিয়েছে বিসিসিআই।

এই সিদ্ধান্ত আসতে চলেছে, তার ইঙ্গিত অবশ্য আগেই মিলেছিল। বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এএনআই’কে বলেছিলেন, “অনলাইন গেমিং বিলের পর বিসিসিআই ও ড্রিম ১১ নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করছে। বিসিসিআই ভবিষ্যতে এই ধরনের সংস্থার সঙ্গে আর কখনও চুক্তি করবে না।” জানা গিয়েছে, বোর্ড ইতিমধ্যেই টয়োটা মোটর কর্পোরেশন এবং একাধিক ফিনটেক স্টার্টআপ সংস্থার সঙ্গে আলোচনা চালাচ্ছে। তবে সামনে এশিয়া কাপে ভারতীয় দলের জার্সিতে কোনও স্পনসরের নাম দেখা যাবে না। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মহিলাদের বিশ্বকাপে কোনও সংস্থা যুক্ত হয় কি না, সেদিকেই এখন নজর।

উল্লেখ্য, ড্রিম ১১-এর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত। প্রধান স্পনসর হিসেবে তিন বছরে চুক্তির অঙ্ক দাঁড়িয়েছিল ৩৫৮ কোটি টাকা। নতুন স্পনসর থেকে বিসিসিআইয়ের লক্ষ্য অন্তত ৪৫২ কোটি টাকা আয়ের।

আরও পড়ুন ::

Back to top button