
চতুর্থীর দিন কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি-তে বিজেপির উদ্যোগে আয়োজিত দুর্গাপুজোর উদ্বোধন করবেন তিনি। এছাড়াও দক্ষিণ কলকাতার টালিগঞ্জে একটি পুজোয় উদ্বোধনে যোগ দিতে পারেন শাহ। পাশাপাশি রাজ্যের কোর কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সকালে কলকাতায় পৌঁছে প্রথমেই সল্টলেক ইজেডসিসি-তে বিজেপির আয়োজিত পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের দুর্গাপুজোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে যাবেন তিনি, যেখানে বিজেপি নেতা তথা কাউন্সিলর সজল ঘোষের পুজো অনুষ্ঠিত হয়। আগেও এই পুজোয় উদ্বোধন করেছিলেন শাহ। এ বছর দর্শনার্থীদের জন্য মণ্ডপ আগে থেকেই খুলে দেওয়া হলেও শুক্রবার প্রদীপ জ্বালিয়ে ‘আনুষ্ঠানিক উদ্বোধন’ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
উত্তর কলকাতার পুজোয় শাহর উপস্থিতি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, “ওই পুজোর উদ্যোক্তা আগে তৃণমূলেই তো ছিলেন। আর রাজ্যে বিজেপির কোনও পুজোই তো নেই।”
রাজনৈতিক মহলে জল্পনা চলছে, একদিনের এই সফরে শাহ কি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন? গেরুয়া শিবিরের খবর, তাঁর কলকাতা সফরের আগেই নতুন রাজ্য কমিটি ঘোষণা হতে পারে। সেই ক্ষেত্রে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বাধীন নতুন টিমের সঙ্গে আগামী লোকসভা ভোটের আগে এক সংক্ষিপ্ত বৈঠক সারতে পারেন শাহ। তবে বিষয়টি এখনও স্থির হয়নি। আবার অনেকেই মনে করছেন, নতুন কমিটি ঘোষণা হবে দুর্গাপুজোর পরেই।



