টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, একাধিক মৃত্যুর পর পুজো উদ্বোধন বাতিল মুখ্যমন্ত্রীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

টানা বৃষ্টির জেরে শহরে চরম বিপর্যয়, প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক। এই পরিস্থিতিতে সমস্ত পুজো উদ্বোধনের (DurgaPuja2025 Inauguration) কর্মসূচি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
শনিবার, মহালয়ার আগের দিন থেকেই মণ্ডপ উদ্বোধনের শুরুর পর গত দুই দিনে একাধিক পুজোয় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারও কয়েকটি উদ্বোধনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু লাগাতার বৃষ্টি ও মৃত্যুর খবর তাঁকে ব্যথিত করেছে। তাই মঙ্গলবারের সমস্ত অনুষ্ঠান তিনি স্থগিত রেখেছেন।
এদিন শীতলা মন্দির ভবানীপুর ৭০ পল্লি, একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনি সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্থান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লি, বাদামতলা আষাঢ় সংঘ এবং ত্রিধারার পুজো উদ্বোধনের পরিকল্পনা ছিল। তবে আর কিছুই হয়নি।
অপরদিকে, নবান্ন ঘোষণা করেছে যে মঙ্গলবার থেকেই রাজ্যের সব সরকারি স্কুলে পুজোর ছুটি (Puja Holidays in School) কার্যকর হবে। মুখ্যমন্ত্রী আইসিএসই (ICSE) ও সিবিএসই (CBSE) বোর্ডের স্কুলগুলিকেও অন্তত দু’দিন ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে আগামী দুই দিন অনলাইনে ক্লাস নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, খোলা তার আর জলমগ্ন রাস্তায় ভয়াবহ বিপদের ঝুঁকি রয়েছে। তাই ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থেই তিনি নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করেছেন।
শহরের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে সোমবার রাত থেকে টানা বৃষ্টিতে। সর্বত্র জল জমে রয়েছে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী সরাসরি সিইএসসি-কে দায়ী করেছেন। তাঁর অভিযোগ— তারা কলকাতায় কেবল ব্যবসা করছে, অথচ আধুনিকীকরণের কাজ করছে রাজস্থানে।
এদিকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শহরের নিকাশি খালগুলিও উপচে পড়ছে। ফলে খাল দিয়ে জল নামানো হলেও তা ফের শহরে ফিরে আসছে। বৃষ্টি না থামা পর্যন্ত জলমুক্তির সময় নিয়ে তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারবেন না।



