ক্রিকেট

তিন দিনেই টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত, নীতীশের উড়ন্ত ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Nitish Kumar Reddy : তিন দিনেই টেস্ট জয়ের দোরগোড়ায় ভারত, নীতীশের উড়ন্ত ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব - West Bengal News 24

খুব বড় কোনও অঘটন না ঘটলে মাত্র তিনদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট শেষ হতে চলেছে। গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় দিনের লাঞ্চ অবধি ক্যারিবিয়ান দলের স্কোর ৫ উইকেটে ৬৬। এখনও তারা পিছিয়ে আছে ২২০ রানে। তিনটি উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের টিকে থাকা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। তবে তৃতীয় দিনের মূল আকর্ষণ হয়ে উঠেছেন নীতীশ রেড্ডির অবিশ্বাস্য ক্যাচ।

পুরো ম্যাচটাই একপেশে। ভারতের সামনে একসময়কার দুর্ধর্ষ দল ‘ওয়েস্ট ইন্ডিজ’-এর অবস্থা এখন কার্যত বিপর্যস্ত। প্রথম ইনিংসে তারা অলআউট হয় মাত্র ১৬২ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫ উইকেটে ৪৪৮। কেএল রাহুল, ধ্রুব জুরেলের পর শতরান করেন রবীন্দ্র জাদেজাও। ফলে ইনিংসের ব্যবধানে জয় কার্যত নিশ্চিত হয়ে যায়।

তৃতীয় দিনের শুরুতেই ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক শুভমান গিল। ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। পিচে স্পিনারদের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে ক্যারিবিয়ান ব্যাটাররা হয়ে পড়েছেন অসহায়। পিচে নির্দিষ্ট জায়গায় বল পড়লেই তা প্রবলভাবে টার্ন নিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা সেই ঘূর্ণির মোকাবিলায় ব্যর্থ। ‘স্যর’ জাদেজা সেই সুযোগে তুলে নিয়েছেন তিনটি মূল্যবান উইকেট। যে কোনও সময় আরও উইকেট পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে দিনের নায়ক নিঃসন্দেহে নীতীশ কুমার রেড্ডি। যদিও ব্যাট হাতে নামার সুযোগ পাননি, কিন্তু ফিল্ডিংয়ে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন নীতীশ। তখন সিরাজের বলে তেগনারায়ণ চন্দ্রপল একটি জোরালো পুল শট মারেন। কিন্তু বিদ্যুৎগতিতে প্রতিক্রিয়া দেখিয়ে নীতীশ হাওয়ায় উড়ে বল তালুবন্দি করেন, আর সেই মুহূর্তই ছড়িয়ে পড়ে ভাইরাল ভিডিও হিসেবে।

আরও পড়ুন ::

Back to top button