রাজ্য

ভূটানের জলে উত্তরবঙ্গে বন্যা! মমতার দাবির প্রেক্ষিতে খোঁজ নেবে কেন্দ্র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভূটানের জলে উত্তরবঙ্গে বন্যা! মমতার দাবির প্রেক্ষিতে খোঁজ নেবে কেন্দ্র - West Bengal News 24

ভূটান থেকে নেমে আসা জলেই উত্তরবঙ্গে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি এমনটাই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই বিপর্যয়ের ক্ষতিপূরণ দিতে হবে ভূটানকেই। সোমবার নাগরাকাটায় সেই মন্তব্যের পর বিষয়টি নিয়ে উদ্যোগী হল কেন্দ্র। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই ঘটনার বিষয়ে খোঁজ নেবে বিদেশমন্ত্রক।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে হাইড্রোলজিক্যাল তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। খোঁজ নিয়ে জানাবো।” তিনি আরও জানান, দুই দেশের মধ্যে জলসহ নানান বিষয়ে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। তবে এই ঘটনায় জল সংক্রান্ত তথ্য আদানপ্রদান হয়েছে কি না, তা পরে জানানো হবে বলেও মন্তব্য করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

উত্তরবঙ্গের বন্যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “ভুটান থেকে নেমে আসা জলের কারণে আমরা ক্ষতির সম্মুখীন হয়েছি… আমরা চাই তারা আমাদের ক্ষতিপূরণ দিক ৷ দিল্লি তো কিছু করে না। সবটাই আমাদের করতে হয়। আমি বেশ কিছুদিন ধরেই একটি ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য জোর দিয়ে আসছি এবং আমি দাবি করছি যে পশ্চিমবঙ্গকে এর অংশ করা হোক।”

রাজ্য সরকারের দাবি, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যার অন্যতম কারণ ইন্দো–ভূটান নদী কমিশন গঠন না হওয়া। এই কমিশনের মাধ্যমে দুই দেশের মধ্যে নিয়মিত জলবিনিময় ও নদী ব্যবস্থাপনার তথ্য ভাগাভাগি করা গেলে এমন বিপর্যয় এড়ানো যেত বলেই মনে করছে নবান্ন।

উল্লেখ্য, সম্প্রতি আচমকা হড়পা বানে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলা। বহু ঘরবাড়ি, রাস্তা ও সেতু ভেসে গিয়েছে জলে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই দুইবার উত্তরবঙ্গ সফর করে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। রাজ্যের তরফে ত্রাণ ও পুনর্গঠনের কাজ জোরদার করা হয়েছে, পাশাপাশি কৃষক ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button