ক্রিকেট

কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপির মন্ত্রী, ঘরে-বাইরে চাপ সামলে উজ্জ্বল রিভাবা জাদেজার রাজনৈতিক জার্নি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Rivaba Jadeja : কংগ্রেসি পরিবারের বউমা থেকে বিজেপির মন্ত্রী, ঘরে-বাইরে চাপ সামলে উজ্জ্বল রিভাবা জাদেজার রাজনৈতিক জার্নি - West Bengal News 24

এক সময়ের কংগ্রেসি পরিবারের বউমা, আজ গুজরাটের বিজেপি সরকারের নতুন মন্ত্রী এককথায় এটাই রিভাবা জাদেজার সাফল্যের গল্প। বিশ্বকাপজয়ী ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী হিসেবে পরিচিত হলেও, রিভাবা নিজের যোগ্যতায় গড়ে তুলেছেন এক আলাদা পরিচয়। রাজনৈতিক সিদ্ধান্তে পরিবার থেকে কটাক্ষ, সমালোচনা সব কিছু সামলেই এগিয়েছেন তিনি। আজ সেই লড়াইয়েরই ফসল, গুজরাট সরকারের মন্ত্রিত্ব।

রিভাবার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০২২ সালে, যখন তিনি প্রথমবার ভোটের ময়দানে নামেন। কিন্তু সেদিনের লড়াই ছিল শুধু বিরোধীদের নয়, ঘরের মধ্যেও। তাঁর শ্বশুরবাড়ির একাংশ, বিশেষত জাদেজা পরিবারের কয়েকজন কংগ্রেসপন্থী সদস্য, তাঁর বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। এমনকি প্রচারের সময় তাঁর স্বামীর দিদি নয়না জাদেজা পর্যন্ত প্রকাশ্যে রিভাবার বিরুদ্ধে প্রচারে নামেন। নয়না অভিযোগ করেছিলেন, রিভাবা শুধুমাত্র নির্বাচনী ফায়দা তুলতে নিজের নামে ‘জাদেজা’ পদবি ব্যবহার করছেন। তবে ভোটের ফল সব প্রশ্নের জবাব দেয় রিভাবা জামনগর উত্তর আসনে প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে বিধায়ক হন।

বিধায়ক হওয়ার পরও একাধিকবার বিতর্কের মুখে পড়েছেন তিনি কখনও শাড়ি পরে ক্রিকেট মাঠে যাওয়া নিয়ে, কখনও প্রকাশ্যে স্বামীকে প্রণাম করার ঘটনায়। কিন্তু এসবের কিছুই তাঁকে থামাতে পারেনি। রাজনীতি ও সংসার দু’ক্ষেত্রেই দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রেখেছেন রিভাবা।

রবীন্দ্র জাদেজার পাশে থেকেও রিভাবা নিজের কাজ চালিয়ে গিয়েছেন নিরলসভাবে। শুধু তাই নয়, সমাজসেবায়ও তাঁর অবদান প্রশংসনীয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক রিভাবা ‘মাত্রুশক্তি চ্যারিটেবল ট্রাস্ট’-এর প্রতিষ্ঠাতা, যেখানে তিনি মহিলাদের ক্ষমতায়ন ও সমাজকল্যাণমূলক কাজে যুক্ত।

এবার মন্ত্রিত্বের দায়িত্ব নিয়েও তিনি সেই পথেই এগোতে চান। জামনগরের মানুষদের প্রত্যাশা, নতুন দায়িত্বে থেকেও রিভাবা তাঁদের সেবায় নিজেকে আরও বেশি নিবেদিত করবেন।

আরও পড়ুন ::

Back to top button