বর্ধমান

অতিরিক্ত কাজের ‘চাপ’, এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে প্রাণ গেল বিএলও-র

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

অতিরিক্ত কাজের ‘চাপ’, এনুমারেশন ফর্ম বিলি করতে গিয়ে প্রাণ গেল বিএলও-র - West Bengal News 24

রাজ্যজুড়ে যখন জোরকদমে চলছে এসআইআর (Special Intensive Revision)–এর কাজ, ঠিক সেই সময় মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মেমারি। এনুমারেশন ফর্ম বিলি করার দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু হল মেমারির এক বিএলও (Booth Level Officer)-র। পরিবারের অভিযোগ, অতিরিক্ত কাজের চাপ ও মানসিক দুশ্চিন্তার জেরে এই দুর্ঘটনা।

নিহত নমিতা হাঁসদা, বয়স প্রায় ৫০। তিনি মেমারি ২ নম্বর ব্লকের ২৭৮ নম্বর বুথের বিএলও হিসেবে নিযুক্ত ছিলেন। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা থাকতেন মেমারির চক বলরামপুরে। শনিবার মেমারি থানার অন্তর্গত বোহার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকায় এসআইআরের কাজের অংশ হিসেবে এনুমারেশন ফর্ম বিলি করছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ফর্ম বিলি করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নমিতা হাঁসদা। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, রাতে তাঁর মৃত্যু হয়েছে। পরদিন, রবিবার, কালনা শ্মশানঘাটে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।

নমিতার স্বামী মাধব হাঁসদা জানান, কয়েকদিন ধরেই কাজের বিপুল চাপের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী। তিনি দাবি করেন – “ফর্ম বিলির কাজ নিয়ে বিডিও অফিস থেকে বারবার চাপ আসছিল। বলা হচ্ছিল, এখনও ৮০ শতাংশ কাজ বাকি। প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত মাঠে নেমে কাজ করছিল। এত চাপ সহ্য করতে পারছিল না। দুশ্চিন্তা থেকেই ব্রেন স্ট্রোক হয়।”

ওই মহিলার ছেলে কর্মসূত্রে অন্যত্র থাকেন। মা অসুস্থ হওয়ার খবর পেয়ে শনিবার রাতেই বাড়ি ফেরেন তিনি। ছেলের কথায় – “মা মাঝে মাঝে ফোন করে বলত, কাজটা বুঝতে পারছি না। খুব চাপ লাগছে। কিন্তু ঠিক কে চাপ দিচ্ছে তা বলেনি। আমি বাড়ি থাকতাম না বলে বিস্তারিত জানতাম না। কাজ করতে করতেই অসুস্থ হয়ে পড়ে। সকালে জানাল মৃত্যু হয়েছে।”

ঘটনা নিয়ে প্রশাসনিক স্তর থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য বা প্রতিক্রিয়া সামনে আসেনি। পরিবার শোকাহত, আর এলাকার মানুষের মনে প্রশ্ন – এসআইআরের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে মাঠপর্যায়ের কর্মীদের নিরাপত্তা ও মানসিক চাপের বিষয়টি কি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে?

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button