ভোটার তালিকা ঝড়ে ভবানীপুরে বাদ ৪৫ হাজার! নন্দীগ্রামেও উধাও দশ হাজারের বেশি নাম
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রাজ্যে ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এনুমারেশন ফর্ম সংগ্রহ থেকে শুরু করে আপলোড সব ধাপই শেষ হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আসবে খসড়া ভোটার তালিকা। তবে তার আগেই কমিশনে জমা থাকা প্রাথমিক তথ্য বিশ্লেষণে উঠে এসেছে বিভিন্ন কেন্দ্র থেকে কত সংখ্যক নাম বাদ পড়তে পারে, তার একটি অনুমান।
কমিশন সূত্রে জানা যাচ্ছে, কলকাতার গুরুত্বপূর্ণ কেন্দ্র ভবানীপুরে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে উধাও হতে পারে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সাড়ে ১০ হাজারেরও বেশি নাম।
পুরো রাজ্যের তথ্য যাচাই করতে গিয়ে নির্বাচন কমিশন প্রথমে যে হিসেব পেয়েছিল, তাতে দেখা যায় ৫৭ লক্ষেরও বেশি নাম হয়তো তালিকা থেকে বাদ যাবে। এদের মধ্যে রয়েছেন মৃত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটার। এখন কেন্দ্রভিত্তিক সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
কমিশনের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ভোটার তালিকায় ভবানীপুরে ভোটার ছিলেন ১,৬১,৫০৯ জন, যার মধ্যে ৪৪,৭৮৭ জনের নাম মুছে যাওয়ার সম্ভাবনা। আর নন্দীগ্রামে মোট ভোটারসংখ্যা ছিল ২,৭৮,২১২ জন, যেখানে ১০,৫৯৯টি নাম বাদ পড়তে পারে বলে অনুমান।
এ ছাড়া কলকাতা বন্দর, টালিগঞ্জ, বালিগঞ্জ এমন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র থেকেও বড় সংখ্যায় নাম উধাও হতে পারে বলে তথ্য মিলেছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বাদ যেতে পারে প্রায় ৬৩,৭৩০টি নাম। টালিগঞ্জে এই সংখ্যা ৩৫ হাজারেরও বেশি। দমদম বা বেহালা পশ্চিমের মতো কেন্দ্রেও কত নাম বাদ পড়তে পারে, তারও প্রাথমিক অনুমান তৈরি হয়েছে।
এখন অপেক্ষা ১৬ ডিসেম্বরের, খসড়া তালিকা প্রকাশ পেলেই বোঝা যাবে এই অনুমান কতটা বাস্তবে মেলে।



