মেসি দর্শন নয়, ভারতে পা দিয়েই প্রেমানন্দ মহারাজের আশ্রমে বিরুষ্কা ভাইরাল মুহূর্ত
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

সম্প্রতি লন্ডনেই পরিবার নিয়ে সময় কাটাচ্ছিলেন বিরাট কোহলি। সেই পর্ব শেষ করে কয়েক দিন আগে ভারতে ফিরতেই জল্পনা শুরু হয় লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎ করতেই কি তাঁর এই আগমন? তবে বাস্তবে মেসি দর্শন নয়, বিরাটের দেশে ফেরা যে আধ্যাত্মিক টানেই, তা স্পষ্ট হয়ে যায় অল্প সময়ের মধ্যেই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২ এবং বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানের সুবাদে তিনটি ওয়ানডেতেই তাঁর মোট রান দাঁড়ায় ৩০২, গড় ১০০-রও বেশি। চলতি ক্যালেন্ডার বছরে ১৩ ইনিংসে ৬৫১ রান করে নজিরও গড়েছেন তিনি। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। তবে সিরিজ শেষ হতেই ভারত ছাড়েন কোহলি।
রবিবার স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা যায় বিরাটকে। সেখান থেকেই নেটদুনিয়ায় জল্পনা আরও জোরদার হয় মেসির সঙ্গে দেখা করতেই কি মুম্বই সফর? কিন্তু মুম্বইয়ের অনুষ্ঠানে শচীন তেণ্ডুলকর উপস্থিত থাকলেও বিরাটকে দেখা যায়নি মঞ্চে। দিল্লির অনুষ্ঠানেও অনুপস্থিত ছিলেন তিনি। ফলে দুই মহাতারকাকে এক ফ্রেমে দেখার স্বপ্ন অধরাই থেকে যায় ক্রীড়াপ্রেমীদের।
এর পরদিনই দৃশ্যপট বদলে যায়। মেসি ভারত ছাড়ার পর বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যায় বিরাট-অনুষ্কা জুটিকে। আশ্রমে মহারাজের সঙ্গে তাঁদের একান্ত আলাপচারিতার ভিডিও দ্রুত ভাইরাল হয়। সেখানে মহারাজের বার্তা, “নিজের কাজকে ভগবানের সেবা মনে করো। আর খুব নাম জপ করো।” এই কথোপকথনের মুহূর্তই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, চলতি বছরে এটি তৃতীয়বার প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরুষ্কা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরদিনই বিরাটের আশ্রমযাত্রা ঘিরে আগেও চর্চা হয়েছিল। এবারও আধ্যাত্মিক শান্তির খোঁজেই যে তাঁর এই সফর, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।



