জাতীয়রাজনীতি

দীপু দাস খুনে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন, ‘হিন্দু রক্ষক’ তত্ত্বে কটাক্ষ অভিষেকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দীপু দাস খুনে মোদির নীরবতা নিয়ে প্রশ্ন, ‘হিন্দু রক্ষক’ তত্ত্বে কটাক্ষ অভিষেকের - West Bengal News 24

বাংলাদেশে চলমান অশান্তির আবহে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য দীপু দাসকে খুনের ঘটনায় এ বার সরব হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন তিনি। দীপু দাস হত্যাকাণ্ডে এখনও প্রধানমন্ত্রীর নীরবতা কেন, সেই প্রশ্নও তোলেন অভিষেক।

জানা গিয়েছে, বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই ময়মনসিংহে দীপু দাসকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় কেন্দ্র ইতিমধ্যেই একাধিকবার কড়া বার্তা দিয়েছে। দীপু দাস হত্যার বিচার চেয়ে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গেও ঢাকাকে সতর্ক করেছে নয়াদিল্লি। তবে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী এস জয়শংকরের তরফে আলাদা কোনও প্রকাশ্য বিবৃতি না আসায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। এই প্রসঙ্গেই তিনি বলেন, “দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কোনও বিবৃতি বা একটা টুইটও নেই। এঁরা আবার নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলেন। ওঁদের হিন্দু প্রেম নিয়েই তো প্রশ্ন ওঠে। দু’মাস আগেই প্রধানমন্ত্রী মহম্মদ ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে এসেছিলেন। উনি এখন চুপ কেন?”

একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক। তিনি বলেন,
“শুভেন্দু অধিকারী বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে ইউনূসের সরকার ভালো। আপনিই সার্টিফিকেট দিয়েছেন। তা হলে ওখানেই এখন হিন্দুদের মারা হচ্ছে!”

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে দেশীয় রাজনীতিতে বিষয়টি ব্যবহার করার অভিযোগও তোলেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, “দীপু দাসকে বলা হচ্ছে নাকি ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কথা বলেছে। এটার প্রমাণ কী? কারা রটাল? বাংলাদেশে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আর এখানে বিজেপি করছে। পুলওয়ামার ছবি দিয়ে প্রধানমন্ত্রী ভোট চেয়েছিলেন। আর বিজেপি এখানে এগুলো নিয়ে রাজনীতি করছে। ও দিকে জামাত যা করছে, এখানে বিশেষ করে বাংলায় বিজেপিও একই ভাষায় কথা বলছে।”

তবে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে, তাতে তৃণমূল কংগ্রেস পাশে থাকবে—এ কথা স্পষ্ট করে দেন অভিষেক। বিদেশনীতি নিয়ে বরাবরই কেন্দ্রের সঙ্গে সহমত পোষণ করেছে রাজ্যের শাসকদল। পহেলগাঁও হামলা ও পরবর্তী অপারেশন সিঁদুর অভিযানের সময়েও তার ব্যতিক্রম হয়নি। এমনকি প্রধানমন্ত্রী বিদেশ সফরে যে প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, সেই দলেও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবু তাঁর প্রশ্ন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র এখনও কেন নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট করছে না। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকব। এটা দলের সিদ্ধান্ত। সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না কেন?”

আরও পড়ুন ::

Back to top button