
আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি ঘিরে গত ২৪ ঘণ্টা ধরে উত্তাল রাজ্য রাজনীতি। এই তল্লাশিকে অনৈতিক বলে দাবি করে শুক্রবার পথে নামে শাসক দল তৃণমূল কংগ্রেস। যাদবপুর এইট বি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিলের পর সেখানে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই ইডি হানার পেছনের ঘটনাপ্রবাহ বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। কোন পরিস্থিতিতে তল্লাশি শুরু হয়েছিল এবং কেন তিনি নিজে সেখানে পৌঁছন, সবকিছুই ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী।
জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি খবরটা শুনে প্রথমে ভেবেছিলাম, ওরা এসেছে কিছু জানতে বা কিছু দেখতে। আমি প্রতীককে ফোন করলাম। দেখলাম, ওর ফোন বেজে গেল, ফোনটা ধরল না। তখন আমার মনে হল, আমাদের দলের নথিপত্র নিয়ে চলে যাচ্ছে না তো? আইপ্যাক এখন আমাদের দলের পরামর্শদাতা সংস্থা, ভোট স্ট্র্যাটেজিও ওরাই দেখে। আমি তড়িঘড়ি গেলাম। আরে তোমরা তো এসেছ সকাল ৬টায়, আমি গিয়েছি যখন ১২টা বাজে। এতক্ষণে তো সব নিয়ে চলে গিয়েছ! এসআইআরের তথ্য, ভোটারদের তথ্য, বিএলএ-দের নাম, ফোন নম্বর – এসব চুরি করতে এসেছিলে তোমরা।”
এর পরেই আরও কড়া ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”তুমি খুন করতে এলে আত্মরক্ষার অধিকার আছে আমাদের। চোরের মতো এসেছিলে কেন? সব তথ্য আমার অফিস থেকে চুরি করতে চাইছিলে। এসআইআরের তথ্য, ভোটারের তথ্য, বিএলএ-দের তথ্য। দলের চেয়ারপার্সন হিসেবে আমি ওখানে গিয়েছি। যা করেছি, কোনও অন্যায় করিনি।”
উল্লেখ্য, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করে ইডি। শুক্রবার হাজরার প্রতিবাদ সভা থেকেই সেই অভিযোগের জবাব দেন মুখ্যমন্ত্রী।



