জাতীয়

বছর ঘুরলেও অধরা ২৫০০ টাকা, দিল্লিতে থমকে ‘মহিলা সম্মান যোজনা’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বছর ঘুরলেও অধরা ২৫০০ টাকা, দিল্লিতে থমকে ‘মহিলা সম্মান যোজনা’ - West Bengal News 24

‘লক্ষ্মীর ভাণ্ডার’কে নকল করে শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রইল বিজেপির প্রকল্প এমনই অভিযোগ উঠছে রাজনৈতিক মহলে। বছর পেরিয়ে গেলেও দিল্লিতে এখনও চালু হয়নি ‘মহিলা সম্মান যোজনা’। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই প্রকল্পকে নিয়ে বিরোধীরা দীর্ঘদিন ধরেই কটাক্ষ করে এসেছে। বিশেষ করে বিজেপি মাসে ১৫০০ টাকার আর্থিক সাহায্যকে ‘ভিক্ষার দান’ বলে আক্রমণ করেছে। অথচ সেই বিজেপিই মহিলাদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে একাধিক রাজ্যে ক্ষমতায় এলেও, ক্ষমতা দখলের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করছে এমন অভিযোগ তোলা হচ্ছে।

তার সবচেয়ে বড় উদাহরণ রাজধানী দিল্লি। সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী দায়িত্বে থাকলেও মহিলাদের হাতে এখনও পৌঁছয়নি ঘোষিত ২৫০০ টাকা। তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, এটাই বিজেপির ‘জুমলাবাজি’।

২০২৫ সালের বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের আপকে হারিয়ে দিল্লির ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী হন দলের প্রবীণ নেত্রী রেখা গুপ্তা। ক্ষমতায় বসেই তিনি শর্তসাপেক্ষে মহিলাদের মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন। এই প্রকল্পের নাম দেওয়া হয় ‘মহিলা সম্মান যোজনা’। শর্ত ছিল, যেসব পরিবারের মাসিক আয় আড়াই লক্ষ টাকার কম, সেই পরিবারের ২১ থেকে ৬৫ বছর বয়সি মহিলারা এই ভাতা পাবেন। এই শর্ত নিয়েও তখন সমালোচনা শুরু হয়। কারণ, বাংলায় ধনী-দরিদ্র নির্বিশেষে সব মহিলাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক নারী দিবস, ৮ মার্চ থেকে প্রকল্পটি চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই দিন তো দূরের কথা, এক বছর পেরোতে চললেও দিল্লির কোনও মহিলা এখনও এই ভাতা পাননি।

শুধু দিল্লিই নয়, মধ্যপ্রদেশেও ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আদলে মহিলাদের আর্থিক স্বাবলম্বনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। হিমাচল প্রদেশে কংগ্রেস সরকারও একই ধরনের প্রকল্প চালুর কথা জানিয়েছে। কিন্তু বাস্তবে কতটা সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, একমাত্র বাংলাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ঘোষণামাফিক দ্রুত কাজ করেছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে বরাদ্দ বাড়ানোর ঘোষণা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তা চলতি মাস থেকেই কার্যকর হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারি থেকেই মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাচ্ছেন। এত দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নের নজির বিরল বলেই মনে করছেন অনেকে।

এর সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে বিজেপি শাসিত এলাকায়। একাধিক প্রকল্পের ঘোষণা থাকলেও বাস্তবে তার সুফল কতজন পাচ্ছেন, তার স্পষ্ট হিসেব মেলে না। দিল্লিতে ‘মহিলা সম্মান যোজনা’ এখনও চালু না হওয়াই তার সবচেয়ে বড় উদাহরণ।

আরও পড়ুন ::

Back to top button