রাজ্য

ভোট সময়মতোই, শিগগিরই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ,ইঙ্গিত মনোজ আগরওয়ালের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

West Bengal Election 2026 : ভোট সময়মতোই, শিগগিরই রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ,ইঙ্গিত মনোজ আগরওয়ালের - West Bengal News 24

রাজ্যসভা নির্বাচনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার বিধানসভায় আসেন নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল। রাজ্যসভার আসন্ন ভোটকে সামনে রেখে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার পর সেগুলির যাচাই-বাছাইয়ের ধাপ খতিয়ে দেখতে পর্যবেক্ষক হিসেবে বিধানসভায় উপস্থিত ছিলেন তিনি।

রাজ্যসভা নির্বাচন সংক্রান্ত কাজেই তাঁর বিধানসভা সফর হলেও সংবাদমাধ্যমের তরফে তাঁকে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মনোজ আগরওয়াল জানান, ভোট নির্ধারিত সময়েই হবে। সেই কারণেই খুব শীঘ্রই ভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসবে। চারটি রাজ্য পরিদর্শনের পর আগামী ৯ ও ১০ তারিখে তারা পশ্চিমবঙ্গে পৌঁছবে।

যদিও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি নির্বাচন কমিশনার। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, তাঁর বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে,ভারতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করার পরই বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতে পারে। ফলে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের পশ্চিমবঙ্গ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

এদিকে বিপুল সংখ্যক ভোটারের নাম যাচাইয়ের পর্যায়ে থাকায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে মনোজ আগরওয়াল জানান, তিনি জেলা নির্বাচন আধিকারিকদের (DEO) কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। তিনি আরও বলেন, তথ্যপ্রমাণ ও নথির ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং সমস্ত তথ্য হাতে পাওয়ার পর আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাঁচজন এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন প্রার্থীর মনোনয়নপত্র যাচাইয়ের প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিধানসভা সচিবালয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের তারকা প্রার্থী কোয়েল মল্লিক এবং বিজেপি প্রার্থী রাহুল সিংহের মনোনয়নপত্রে কিছু অসঙ্গতি ধরা পড়েছিল। বিশেষ করে তাঁদের জমা দেওয়া হলফনামায় কয়েকটি ত্রুটি নজরে আসে।

তবে দিনের শেষে নির্বাচনী রিটার্নিং অফিসার রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর সঙ্গে কোয়েল ও রাহুলের মনোনয়নপত্রও গ্রহণ করা হয়েছে। যেহেতু আর কোনো অতিরিক্ত মনোনয়ন জমা পড়েনি, তাই স্পষ্ট হয়ে গিয়েছে যে পশ্চিমবঙ্গে রাজ্যসভার জন্য ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা নেই। আগামী সোমবার মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর বিকেলে পাঁচজন প্রার্থীকে জয়ী হিসেবে শংসাপত্র প্রদান করা হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য