মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব, গ্যাস সরবরাহে নজরদারি বাড়াল রাজ্য – জারি ১০ দফা নির্দেশিকা
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মধ্যপ্রাচ্যে তীব্র যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের জোগানে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে ভারতেও। ফলে গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিভিন্ন গ্যাস সরবরাহ কেন্দ্রে ইতিমধ্যেই জোগানে চাপ দেখা যাচ্ছে। আতঙ্কের কারণে অনেকেই অতিরিক্ত সিলিন্ডার মজুত করার চেষ্টা করছেন।
কেউ আবার ভবিষ্যতে সংকটের আশঙ্কায় বেশি দাম দিয়েই এলপিজি কিনছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু জায়গায় কালোবাজারির ঘটনাও সামনে আসছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং মানুষের আতঙ্ক কমাতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।
আরও পড়ুন :: ডিএ ইস্যুতে সংঘাত চরমে, শুক্রবার ধর্মঘটের ডাক, হাজিরা বাধ্যতামূলক জানাল রাজ্য
বৃহস্পতিবার নবান্নের তরফে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। এই এসওপি বা বিশেষ নির্দেশিকায় গৃহস্থের রান্নার গ্যাস, স্কুলের মিড ডে মিল এবং হাসপাতালের পরিষেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে হোটেল ও রেস্তরাঁয় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার সরবরাহের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
পাশাপাশি গোটা পরিস্থিতির উপর নজর রাখতে একটি বিশেষ মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। সাধারণ মানুষ যাতে দ্রুত অভিযোগ বা সমস্যা জানাতে পারেন, তার জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে সেই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।



