বারুইপুরে মৃত যুবক নির্দোষ, চিহ্নিত ২০০ দাঙ্গাকারী! মৌলবাদী ছকের পর্দাফাঁস করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বারুইপুরে অশান্তির নেপথ্যে মৌলবাদী ও দেশবিরোধী শক্তির ভূমিকা রয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। তাঁর দাবি, ভোটে পরাজিত কিছু পক্ষ উসকানি দিয়েই এই পরিস্থিতি তৈরি করেছে। নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানান, অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। দোষীদের কাউকেই রেয়াত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও জানান, গণপিটুনিতে যে সন্দেহভাজন যুবকের মৃত্যু হয়েছে, পুলিশের প্রাথমিক তদন্তে তিনি নির্দোষ বলেই উঠে এসেছে। ওই যুবকের মৃত্যুর ঘটনাতেও পৃথকভাবে তদন্ত হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :: পুজোর আগেই ‘স্বাস্থ্যসাথী’ উপভোক্তাদের বাছাই, আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্তির নির্দেশ মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার বারুইপুরে যান শুভেন্দু অধিকারী। সেখানে এসপি অফিসে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের তিন সদস্যের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন এলাকার সাংসদ সায়নী ঘোষ ও তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ও। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথাও হয়।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, অশান্তির ঘটনায় রাজনৈতিকভাবে মদত দেওয়া হয়েছিল। পুলিশের হাতে একাধিক কল রেকর্ডিং এসেছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা রেললাইন উপড়েছেন বা অশান্তিতে সরাসরি যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানান তিনি। নির্দোষ যুবকের মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার ব্যবস্থা করব।”
বারুইপুরের ঘটনার পর প্রথমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষিতে ডিজিপিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতার মৃত্যুর ঘটনায় পুলিশের কোনও গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। পাশাপাশি, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নির্যাতিতার বাড়ির সামনে একটি আউটপোস্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী জানান, এক সপ্তাহের মধ্যে তিনি ফের বারুইপুরে যাবেন। তাঁর দাবি, সরকার যে পদক্ষেপ করেছে, তা খুব শীঘ্রই সকলের সামনে স্পষ্ট হবে।



