
হাওড়া : কলকাতার পর এবার হাওড়ায় তিন পুলিশকর্মী করোনা আক্রান্ত। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যারা সংস্পর্শে এসেছিল তৈরি হচ্ছে তাদের তালিকা। পুলিশ সূত্রে খবর, হাওড়ার শিবপুর থানার দুই পুলিশ অফিসার ও বটানিক্যাল গার্ডেন থানার এক পুলিশ কর্মী করোনা আক্রান্ত। ওই তিনজনেরই করোনা-পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানা গিয়েছে।
এদিকে হাওয়া জেলার বিভিন্ন থানায় করোনা-সংক্রমণের খবর ছড়িয়ে পরতেই হাওড়া সিটি পুলিশের কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জানিয়েছেন , শিবপুর ও বটানিক্যাল গার্ডেন থানার তিনজন করোনা আক্রান্ত। এরপরই তত্পরতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই তিন জনের সংস্পর্শে কে কে এসেছিলেন।তাদের তালিকাও তৈরি করা হচ্ছে। তারপর সেই সব পুলিশ অফিসার ও কর্মীকে কোয়রেন্টাইনে পাঠানো হবে।
করোনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একের পর এক আক্রান্ত হচ্ছেন পুলিশ কর্মীরাও। করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার ওসি। পুলিশের মনোবল বাড়াতে ওই থানায় যান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। সূত্রের খবর, ইতিমধ্যেই করোনা আক্রান্ত গার্ডেনরিচ থানার ওসির পরিবারকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। পাশাপাশি ওসির চালকও রয়েছে কোয়ারেন্টাইনে। এখানেই শেষ নয়, পুলিশ আধিকারিকের সংস্পর্শে আসা পুলিশ কর্মীদেরও পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। তবে এখনই গার্ডেনরিচ থানা পুরোপুরি বন্ধ করার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
শনিবার সকালে গার্ডেনরিচ থানায় যান সিপি। পুলিশ কর্মীদের মনোবল বাড়াতে প্রত্যেকের সঙ্গে কথাও বলেন তিনি। শনিবারই স্যানিটাইজ করা হয় গার্ডেনরিচ থানা। তাছাড়া আক্রান্ত ওসিকে বদলি করা হয়েছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। তার জায়গায় গার্ডেনরিচ থানার নতুন ওসি হচ্ছেন ময়ূখময় রায়। এমনটাই সূত্রের খবর। বুধবার সকালে এমআর বাঙুর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন গার্ডেনরিচ থানার ওসি। ফলে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এসএসকেএম হাসপাতালে।
গত বৃহস্পতিবার এসএসকেএম-এর করোনা পরীক্ষার রিপোর্ট আসে। সেই রিপোর্ট সন্তোষজনক ছিল না। তাই শুক্রবার ফের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই রিপোর্টও পজেটিভ আসে। ওসির করোনা আক্রান্ত হওয়ায় পর থানা কীভাবে চলবে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন পুলিশকর্মীরা।
এরপরই গার্ডেনরিচ থানায় যান কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এদিকে এমআর বাঙুর থেকে সল্টলেক আমরিতে স্থানান্তর করা হয়েছে গার্ডেনরিচ থানার ওসিকে। শনিবার পুলিশ কমিশনার আরও জানান, ‘করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে হবে। বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজর দিতে হবে। জমায়েত হতে দেবেন না এবং অকারণে গাড়ির যাতায়াত রুখবেন। কঠোর ভাবে পরিস্থিতি সামলাবেন। লকডাউন নিশ্চিত করতে হবে কঠোর ভাবে।’
সুত্র:কলকাতা24×7



