রাজ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস , মত্স্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি !

ওয়েবডেস্ক : কলকাতা, ১৫ মে: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আমফান (Cyclone Amphan)। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি নিম্নচাপ (Depression) ক্রমশ শক্তি সঞ্চয় করছে। শুক্রবার তা আরও গভীর হবে। শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত হবে।
যা বঙ্গোপসাগর ও আন্দামান উপকূলে আছড়ে পড়তে পারে। রবিবার পর্যন্ত আমফান উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার অভিমুখ পরিবর্তন করে যাবে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। ১৮ মে থেকে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে মত্স্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদফতর (IMD) জানিয়েছে , শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরে আমফানের গতিবেগ হবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত। রবিবার আমফানের গতি বেগ বেড়ে হবে ৯০ কিলোমিটার। সোমবার এটি মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি থাকবে।
সোমবারের গতিবেগ মধ্য বঙ্গোপসাগরে থাকতে পারে ৯০ কিলোমিটারের কাছাকাছি এবং অন্ধ্র ও ওড়িশা উপকূলে ৬০ কিলোমিটার। ১৯ তারিখ অর্থাত্ মঙ্গলবার এটি আরও একটু এগিয়ে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।
এই সময়ে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে এর গতিবেগ হবে ঘণ্টায় ১০০ কিলোমিটার। অন্যদিকে, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে এর গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার হবে।
এদিকে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে রাজ্যে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি অংশ এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ঝড়-বৃষ্টি হবে।
বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারি বৃষ্টি শুরু হবে। মত্স্যজীবীদের সোমবার থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছে, তাদের শনিবার রাতের মধ্যে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।
সুত্র: লেটেস্ট লি



