
ওয়েবডেস্ক : করোনার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়ে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে জোম্যাটো। এবার খরচ কমাতে একই পথে হাঁটল আরেক অনলাইন খাবার ডেলিভারি সংস্থা সুইগি। সোমবারই কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হল, আগামী কয়েক দিনের মধ্যে হাজারেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হবে।
হাজার-হাজার মানুষের ভবিষ্যত্ অন্ধকারে ঠেলে দিচ্ছে করোনা ভাইরাস।
এবার তালিকায় সুইগির কর্মীরাও। কোম্পানির ব্লগ অনুযায়ী, কর্মীদের ই-মেল করে বরখাস্ত করতে চলার খবর জানানো হয়েছে। সুইগির সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা শ্রীহর্ষ মাজেটি বলেছেন ‘আজ সুইগির জন্য একটি অত্যন্ত দুঃখের দিন। কারণ আমরা কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন শহর এবং হেড অফিসের ১ হাজার ১০০ জনকে আমরা বরখাস্ত করতে চলেছি।
এর মধ্যে সমস্ত বিভাগের কর্মীরাই রয়েছেন।’ তবে বরখাস্ত হওয়া কর্মীরা যাতে আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে নজর রাখার কথা বলা হয়েছে সুইগির তরফে। অন্তত আগামী তিন মাসের বেতন তাঁদের দেওয়া হবে। এমনকি যারা একবছর হল কাজ করছেন, তাদের আরও একমাসের বেতন দেওয়া হবে।
করোনা সহজে বিদায় নেওয়ার নয়। তাই ডেলিভারি পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে সন্দিহান কোম্পানি। সেই জন্যই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, খাবার ডেলিভারি ছাড়াও আর যে সমস্ত ব্যবসার সঙ্গে সুইগি যুক্ত, তার মধ্যেও কিছু বন্ধের চিন্তাভাবনা করছে তারা। আগামী দেড় বছর যে ব্যবসা বেশি ঝুঁকিপূর্ণ, তা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানান সিইও।
সুত্র: আজকাল.in



