শহীদ সেনাদের স্মরণে ঝাড়গ্রামের বাসিন্দা সেনা কর্মী রবিশঙ্কর মাহাতোর উদ্যোগে ঝাড়গ্রাম শহরে মৌন পদযাত্রা

স্বপ্নীল মজুমদার, ঝাড়গ্রাম: লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে ঝাড়গ্রাম শহরে মৌন পদযাত্রা করলেন ভারতীয় সেনা কর্মী, পুলিশ কর্মী, সিআরপিএফ কর্মী, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের মানুষজন।
শুক্রবার সন্ধ্যায় শহরের লোকাল বোর্ড মোড় থেকে পদযাত্রা শুরু হয়। এরপর রেলওয়ে সব্জি বাজারের রাস্তা দিয়ে সুভাষ চক হয়ে পাঁচ মাথার মোড়ে পদযাত্রা শেষ হয়। সেখানে মোমবাতি জ্বেলে স্যালুট জানিয়ে শহীদ সেনাদের সম্মান জানানো হয়। এই পদযাত্রার উদ্যোক্তা ছিলেন ভারতীয় সেনা কর্মী রবিশঙ্কর মাহাতো।

আম্বালায় কর্মরত রবিবাবু সম্প্রতি ছুটিতে ঝাড়গ্রামের বাড়িতে এসেছেন। শহীদ সেনাদের সম্মান জানানোর উদ্দেশ্যে তিনি পদযাত্রার আয়োজন করেন। তাঁর এই কর্মসূচি সফল করতে এগিয়ে আসেন ঝাড়গ্রাম থানার পুলিশ কর্মী সমীরকুমার পাল, সিআরপিএফ কর্মী সুমন্ত ঘোষ, বিনয় মান্না, স্কুলশিক্ষক অভ্রদীপ রাউৎ, ব্যবসায়ী বিকাশ দত্ত, জয়দেব গুচ্ছাইতের মতো অনেকেই। এলাকার বহু সাধারণ মানুষ ওই মৌন পদযাত্রায় সামিল হন।



