জাতীয়

কোভিড পরিস্থিতিতে আপাতত স্থগিত কৃষক আন্দোলন

কোভিড পরিস্থিতিতে আপাতত স্থগিত কৃষক আন্দোলন - West Bengal News 24

গোটা দেশ করোনার গ্রাসে। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। রাজধানী দিল্লিতেও তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। এই পরিস্থিতিতে আপাতত কৃষক আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কিষাণ মোর্চা। ইতিমধ্যেই কৃষকদের এই সংগঠনের তরফে দিল্লির সীমানা ঘেরাও করে থাকা আন্দোলনকারীদের কাছে বার্তা পাঠানো হয়েছে। একটানা ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে কৃষক আন্দোলন। তবে করোনা পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিবহুল হয়ে পড়ছে।

ইতিমধ্যেই মারণ করোনার বলি হয়েছেন আন্দোলনকারী কয়েকজন কৃষক। আরও বেশ কয়েকজন আন্দোলনকারী কৃষকের শরীরেও বাসা বেধেছে করোনা। সব দিক বিচার করে আপাতত কেন্দ্রবিরোধী এই আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ফের ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায়ে সচেষ্ট হবেন কৃষকরা, ভারতীয় কিষাণ মোর্চার তরফে এমনই জানানো হয়েছে।

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে লাগাতার আন্দোলনে কৃষকরা। একটানা ৬ মাসেরও বেশি সময় ধরে দিল্লির সীমানা ঘেরাও করে রেখে দিয়েছেন হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ একাধিক রাজ্য থেকে আসা হাজার-হাজার কৃষক। রাজধানীতে ঢোকার তিনটি সীমানা ঘেরাও করে রেখেছেন কৃষকরা। কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রের বহুবার আলোচনার পরেও সমস্যা মেটেনি। নতুন তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা।

এদিকে, গত বছরের শুরু থেকে দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাস। বছরভর তাণ্ডব চালানোর পর মাঝে কয়েকদিনের ‘বিরতি’। মাসখানেক আগে থেকে দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে রোজ হাজার-হাজার মানুষের মৃত্যু হচ্ছে।

দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত কৃষক আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কিষাণ মোর্চা। রাজধানী দিল্লির তিনটি সীমানায় আন্দোলনরত কৃষকদের আন্দোলন স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে সংগঠনের তরফে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ফের আন্দোলন করা হবে বলে জানানো হয়েছে।

এপ্রসঙ্গে ভারতীয় কিষাণ মোর্চার মুখপাত্র ভোপাল সিং জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে আন্দোলন শুরু করবেন তাঁরা। তবে আপাতত দেশে করোনার সংক্রমণ বিপজ্জনক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার যুক্তি নেই বলে মনে করেন তিনি। আন্দোলনকারী কৃষকদের আপাতত কেন্দ্র বিরোধী এই বিক্ষোভ স্থগিত রাখতে বার্তা দিয়েছেন তাঁরা।

সুত্র :কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য