
কোপা আমেরিকার যাত্রা শুরু করছে আর্জেন্টিনা। দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি মনে করেন ব্যক্তি নয়, তারা দলীয় শক্তির উপর নির্ভরশীল।
‘কখনোই জাতীয় দল আমার ওপর নির্ভরশীল ছিল না। আমরা সব সময় শক্তিশালী দল হিসেবে খেলার চেষ্টা করি। আমরা সব সময় বলি দল শক্তিশালী না হলে জয় এবং নিজেদের লক্ষ্য অর্জন করা সম্ভব না।’
২০১৮ বিশ্বকাপের পর আলবিসিলেস্তেদের হাল ধরেন লিওনেল স্কালোনি। নতুন কোচের অধীনে তরুণ-অভিজ্ঞের মিশেলে এগিয়ে যাচ্ছে দলটি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধিনায়ক মেসির বক্তব্য, ‘আমার মনে হয় দল হিসেবে শক্তির জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি আমরা। বেশিরভাগ খেলোয়াড় এক সঙ্গে কঠোর পরিশ্রম করছে। আমরা আগেও কোপা আমেরিকা খেলেছি। আমাদের অভিজ্ঞতা হয়েছে। এখনও অনুশীলন চলছে। আমি মনে করি আমরা সঠিক পথেই আছি।’
২০০৫ সালে জাতীয় দলে অভিষেক। ১৪৪ ম্যাচ খেলে দলের হয়ে ৭২ গোল করেছেন। সর্বোচ্চ ম্যাচ ও গোল দুটি রেকর্ডই বর্তমানে তার দখলে।
‘যতবার জাতীয় দলের হয়ে খেলেছি অবশ্যই তা বিশেষ কিছু। প্রীতি ম্যাচ, বাছাই পর্ব, কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ। কখনও ভাবিনি এতগুলো ম্যাচ খেলতে পারবো। আমি শুধু বর্তমান নিয়ে ভাবি। চেষ্টা করি নিজেদের সেরাটা দিতে।’
প্রথম ম্যাচে চিলির বিপক্ষে নামছে আর্জেন্টিনা। সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। ২০১৫ ও ২০১৬ সালে দলটির কাছে ফাইনালে হারতে হয়েছে মেসির দলকে।
‘আমাদের একটি গুরুত্বপূর্ণ জয় প্রয়োজন। আমাদের সব ঠিক ঠাক চলছে। তবে প্রথম ম্যাচটি জিততে হবে। ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করাটা গুরুত্বপূর্ণ। এটা আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে।’
শুরুতে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় আয়োজনের কথা ছিল কোপার এবারের আসর। করোনার প্রকোপে ব্রাজিলে নিয়ে আসা হয়। যদিও মহামারী পিছু ছাড়ছে না। একাধিক দলের খেলোয়াড়-কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার তাগিদ দিলেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।
‘আমরা সবাই করোনা ঝুঁকিতে। বিষয়টি নিয়ে বেশ চিন্তিত। সবার নিজের প্রতি খেয়াল রাখতে হবে। মেনে চলতে হবে বিধি-নিষেধ। প্রতিপক্ষ থেকেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চেষ্টা করবো সজাগ থাকার। তবে অনেক সময় কিছু বিষয় থাকে যা আপনার হাতের নাগালে থাকে না।’



