রাজ্য

‘রক্তাক্ত হিংসা চলছে, আপনি নীরব’, মমতাকে কড়া চিঠি ধনকড়ের

‘রক্তাক্ত হিংসা চলছে, আপনি নীরব’, মমতাকে কড়া চিঠি ধনকড়ের - West Bengal News 24

ভোট পর্ব মিটেছে। মে মাসের ২ তারিখ তার ফলও প্রকাশিত হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে তরজা থামছে না কিছুতেই। বিজেপির তরফে লাগাতার অভিযোগ আসছে। এদিন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি দেখে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

রাজ্যের সাংবিধানিক প্রধান এদিন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। সেখানে ভোট পরবর্তী হিংসার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যপাল লিখেছেন, “আমি গভীর ভারাক্রান্ত হৃদয়ে রাজ্যে ভোট পরবর্তী রক্তাক্ত হিংসা নিয়ে আপনার অনবরত নীরবতা প্রত্যক্ষ করছি। স্বাধীনতার পর থেকে আর এমনটা দেখা যায়নি।”

জগদীপ ধনকড় বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব। তিনি কোচবিহার নন্দীগ্রামের পরিস্থিতি নিজে গিয়ে খতিয়ে দেখে এসেছিলেন। অভিযোগ, শাসক দলের গুণ্ডারা এ রাজ্যে ভোটের পর থেকে, বিশেষত ফল প্রকাশের পর থেকে বিরোধী কর্মী সমর্থকদের টিকতে দিচ্ছেন না। হিংসার জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। খুন ধর্ষণের মতো ঘটনাও ঘটে চলেছে অবিরাম। কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির এই শোচনীয় দশাকে পাত্তাই দিচ্ছে না সরকার। হাত গুটিয়ে বসে আছে পুলিশও।

এদিন রাজ্যপাল মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চিঠিতে বলেছেন, “এ ব্যাপারে বারবার আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কিন্তু সব কিছু করা সত্ত্বেও আপনার দিক থেকে নীরবতা ছাড়া আর কিছু পাওয়া যায়নি। যে মানুষগুলোর ক্ষতি হয়েছে তাঁদের জন্য একটা শব্দও খরচ করেননি আপনি।”

এদিন নারদ কাণ্ডে ৪ নেতার গ্রেফতারির পর সিবিআইয়ের অফিসে মুখ্যমন্ত্রীর ধর্না, ১৭ মে প্রধানমন্ত্রীর ইয়াস পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি প্রভৃতির কথা উল্লেখ করেও মমতাকে ঠুকেছেন ধনকড়। এই ঘটনাপ্রবাহকে সংবিধানের চূড়ান্ত অপমান বলে দাবি করেছেন তিনি।

এদিকে চারদিনের সফরে আজই দিল্লি উড়ে যাচ্ছেন রাজ্যপাল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীনির সঙ্গে গতকাল বৈঠক করেন তিনি। তারপর এই দিল্লি যাত্রা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজধানীতে গিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে তাঁর।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য