
আধার কার্ডই এখন সবচেয়ে মূল্যবান পরিচয়পত্র। আজকাল প্রায় সবক্ষেত্রেই বাধ্যতামূলক এই ১২ সংখ্যার আধার নম্বর। আধার কার্ড তো করালেন, কিন্তু কার্ড হাতে পেয়ে দেখলেন আপনার নামের বানান ভুল আছে, অথবা জন্মতারিখ সঠিক লেখা নেই। তখন কী করতে হবে? এত দৌড়োদৌড়ি করে আধার কার্ড করানোর পরে ফের ভুল সংশোধন করা বড় ঝামেলা। কিন্তু এখন আধার কার্ডের কিছু তথ্যে ভুল থাকলে তা ঠিক করে নেওয়া যাবে নিজেই।
নিয়ম জানিয়েছে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) । কী কী তথ্যে ভুল থাকলে নিজেই সংশোধন করা যাবে? ইউআইডিএআই জানিয়েছে, নাম, জন্মতারিখ ও লিঙ্গ সংক্রান্ত তথ্যে কিছু আপডেট করার থাকলে তা নিজেই করে নেওয়া যাবে। কয়েকটি ধাপে সংশোধন করা যাবে। নিজের নামের বানান ঠিক করতে হলে বা নাম পরিবর্তন করতে হলে আগে কারণ জানাতে হবে।
অনেকেরই নামের বানানে ভুল থাকে, বা কোনও অক্ষর বাদ পড়ে যায়। বিয়ের পরে আধার কার্ডে নাম পরিবর্তন করতে চান অনেকে। সেক্ষেত্রে ওয়েবসাইটে লগইন করে কারণ বলতে হবে। নাম বদলানোর জন্য ৫০ টাকা দিতে হবে গ্রাহককে। কী কী করবেন— প্রথমে ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই)-এর ওয়েবসাইটে লগইন করতে হবে। তার জন্য ssup.uidai.gov.in/ssup/ এই ঠিকানায় যেতে হবে। ১২ সংখ্যার আধার কার্ডের কোড চাইবে। সেটা লিখলেই ভেরিফিকেশন কোড চাইবে।
ক্যাপচা বা ভেরিফিকেশন কোড লিখতে হবে। ওটিপি অপশন দেখাবে। সেখানে ক্লিক করলেই আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে। এবার লগইন করে নাম পরিবর্তনের জায়গায় প্রয়োজনীয় বদল করে সাবমিট করে দিতে হবে। জন্মতারিখ ও লিঙ্গ সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে হলেও একই নিয়ম। জন্মতারিখের ক্ষেত্রে উপরের সব স্টেপগুলি করে ওটিপি লিখলেই একটা পেজ খুলবে।
জন্মতারিখ পরিবর্তনের অপশন থাকবে। সেই সঙ্গে কিছু নথি দিতে বলা হবে। সেগুলির স্ক্যান কপি আপলোড করলে সাবমিটে ক্লিক করতে হবে। লিঙ্গ সংক্রান্ত তথ্যে কোনও বদল করতে চাইলেও আগের মতো ওটিপি দিয়ে লগইন করতে হবে। সেখানে লিঙ্গ অপশনে গিয়ে পরিবর্তন করে সাবমিটে ক্লিক করতে হবে।
সুত্র : দ্য ওয়াল



