
মোদীর মন্ত্রীসভায় এবার ঠাঁই পেতে চলেছেন গান্ধী পরিবারের সদস্য বরুন গান্ধী। এমনটাই সূত্রের খবর। ২০২৪ সালের লোকসভা ভোট এবং তার আগে ২০২২ সালে দেশের উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারণ ঘটিয়ে চমক দিতে চাইছেন কেন্দ্রীয় মোদি সরকার।
সেক্ষেত্রে মোদীর মন্ত্রীসভায় বরুন গান্ধী এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নাম একপ্রকার পাকা বলেই সূত্রের খবর। এর আগে কংগ্রেস শিবির ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মূলত মধ্যপ্রদেশে বিজেপি সরকারকে ফিরিয়ে এনেছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তবে সিন্ধিয়া বিজেপিতে যোগ দিলেও এখনও পর্যন্ত দলে তেমন গুরুত্ব পাননি। সেখানে দাঁড়িয়ে এবারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মন্ত্রীসভায় আনতে চলেছেন নরেন্দ্র মোদী।
মূলত, রাজনৈতিক মহলের মতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে গোবলয়ের কথা মাথায় রেখেই মন্ত্রীসভা সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে উত্তরপ্রদেশের কথা বেশী করে মাথায় রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সম্প্রসারণ হতে চলা মোদীর নতুন মন্ত্রীসভায় গান্ধী পরিবারের সদস্য হিসাবে বরুন গান্ধীকেও স্থান দেওয়া হতে পারে বলে খবর মিলেছে।
গান্ধী পরিবারের সদস্য হলেও প্রথম থেকেই প্রয়াত সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধী এবং বরুন গান্ধী বিজেপির সঙ্গেই রয়েছেন। ফলে গান্ধী পরিবারের এই তরুন সদস্যকে মন্ত্রীসভায় স্থান দিয়ে চমক দিতে পারেন মোদী।
পাশাপাশি, এবারের কেন্দ্রীয় মন্ত্রীসভায় ২০২২ সালের ভোটমুখী রাজ্যগুলির প্রতিনিধিদের গুরুত্ব বাড়ানো হতে পারে বলেও বিজেপি সুত্রে খবর। পাশাপাশি নতুনদের জন্য জায়গা করে দেওয়া হলেও পুরনো বেশ কয়েকজন মন্ত্রীর কার্যকালের মেয়াদও বাড়তে পারে। তবে এবারে একই মন্ত্রীর উপর একাধিক দফতরের দায়িত্ব না দিয়ে প্রতিটি দফতর আলাদা আলাদা মন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হতে পারে।
যেমন কেন্দ্রীয় রেলমন্ত্রী পী্যুষ গোয়েলের উপর রেল মন্ত্রকের পাশাপাশি দেওয়া রয়েছে বাণিজ্য মন্ত্রকের দায়িত্বও। অন্যদিকে, নরেন্দ্র সিং তোমরের উপর কৃষি মন্ত্রকের পাশাপাশি দেওয়া রয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বও। ফলে এবারের মন্ত্রীসভায় ওই সমস্ত মন্ত্রীত্ব ভাগ করে এক জনের উপর একটি করেই মন্ত্রকের ভার দেওয়া হতে পারে।
সুত্র : প্রথম কলকাতা



