নির্বাচন পরবর্তী এমন হিংসা স্বাধীনতার পর প্রথম, রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল

মঙ্গলবার থেকে দিল্লিতে রয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকাল ফেরার কথা থাকলেও বাতিল করে দেন। প্রত্যাশামতো ৪৮ ঘণ্টার ব্যবধানে দু’ বার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মনে করা হচ্ছে, বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের আলোচনা করেন দু’জনে। নির্বাচন পরবর্তী হিংসার ঘটনা সাম্প্রতিক কালে বার বার মমতা ব্যানার্জির সরকারকে বিঁধেছেন রাজ্যপাল।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিতীয়বার বৈঠকের পর সাংবাদিকদের ধনখড় বললেন, ‘গণতন্ত্র, সংবিধান এবং আইনের শাসন মেনে চলার এটাই সময়। আমলা এবং পুলিশের প্রতি আমার আবেদন, সঠিক আইন কানুনের আওতায় থাকুন। নির্বাচন পরবর্তী এমন হিংসা স্বাধীনতার পর এই প্রথম।’ দিল্লিতে আসার ঠিক আগেই এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া চিঠি দিয়েছিলেন ধনখড়। রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে ‘নীরব এবং নিষ্পৃহ’ মমতা, একথা সরাসরি বলেছিলেন।
নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপাল এবং শাসকদলের সংঘাত এক অন্য মাত্রা নিয়েছে। বিশেষ করে রাজ্যের দুই প্রশাসনিক প্রধানের তরজা অভূতপূর্ব জায়গায় পৌঁছেছে। রাজ্যপালের বার বার অভিযোগ এবং দিল্লি যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি মন্তব্য করেন, ‘বাচ্চা ছেলে তো নয় যে বকা দিয়ে চুপ করিয়ে রাখব।’ ধনখড়কে রাজ্য থেকে সরাতে উদ্যোগও নিয়েছেন তিনি।
সূত্র : আজকাল



