উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতিপদে মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আইএএস অফিসার!

গত কয়েকমাস ধরে উত্তরপ্রদেশের রাজনীতিতে গুরুত্ব বাড়ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ প্রাক্তন আমলা এ কে শর্মার। তিনি বর্তমানে উত্তরপ্রদেশের বিধান পরিষদের সদস্য। চলতি বছরের শুরুতে মোদী এই প্রাক্তন আইএএস অফিসারকে নিজের কেন্দ্র বারাণসীতে পাঠিয়েছিলেন। সেখানে এ কে শর্মা খতিয়ে দেখেন কোভিড মোকাবিলার কাজ কেমন এগচ্ছে।
গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, তিনি এবার যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় স্থান পাবেন। কিন্তু শনিবার জানা গেল, তিনি মন্ত্রী হচ্ছেন না। তাঁকে উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি করা হয়েছে। আগামী বছরেই বিধানসভা ভোট হবে উত্তরপ্রদেশে। তার আগে শোনা যাচ্ছিল, করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য দলে যোগী আদিত্যনাথ ‘সমস্যায়’ পড়তে পারেন। পরে অবশ্য বিজেপি জানিয়ে দেয়, উত্তরপ্রদেশে নেতৃত্বের পরিবর্তন হচ্ছে না।
সেই সঙ্গে এমনও শোনা যায়, মোদী এবার যোগীর মন্ত্রিসভায় নিজের ঘনিষ্ঠ একজন আমলাকে ঢোকাবেন। পর্যবেক্ষকদের মতে, আগামী ভোটেও যোগীই হবেন বিজেপির স্টার ক্যাম্পেনার। তবে জুনেই সম্ভবত উত্তরপ্রদেশে নতুন কয়েকজন মন্ত্রী হবেন। জাতপাত ও আঞ্চলিকতার কথা বিচার করে কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।
গত কয়েক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশে দলে বিক্ষোভ সামাল দেওয়ার উদ্যোগ নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কয়েক সপ্তাহ আগে আরএসএস নেতা দত্তাত্রেয় হোসবালে উত্তরপ্রদেশে যান। সেখানে তিনি দেখেন, কোভিড মোকাবিলা নিয়ে দলের একাংশ ক্ষুব্ধ হয়েছেন। তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেন, উত্তরপ্রদেশের পরিস্থিতি জানার জন্য কেন্দ্রীয় টিম পাঠানো হোক।
সেইমতো বিজেপি নেতা বি কে সন্তোষের নেতৃত্বে একটি টিম উত্তরপ্রদেশে যায়। টিমের সদস্যরা একাধিক বিধায়ক, সাংসদ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বিধায়ক ও সাংসদদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, যোগীর সঙ্গে প্রয়োজনে দেখাই করা যায় না। এরপর বিজেপির সাধারণ সম্পাদকরা দিল্লিতে মোদীর সরকারি বাসভবনে বৈঠকে বসেন।
সেখানে উত্তরপ্রদেশের ভোট নিয়ে আলোচনা হয়। মোদী বলেন, ‘পরাজয় এবং জয়, দুই থেকেই শিক্ষা নিতে হবে। সেই শিক্ষা নিয়েই পরবর্তী নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে।’ উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ লোকসভায় যান। পর্যবেক্ষকরা বলেন, উত্তরপ্রদেশ যে দলের দখলে থাকে তারাই দিল্লিতে শাসন করে। গত সপ্তাহে দু’দিনের সফরে দিল্লিতে যান যোগী আদিত্যনাথ।
সফরের প্রথমদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জে পি নড্ডার সঙ্গে দেখা করেন। পরদিন তিনি বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
সূত্র : দ্য ওয়াল



