মাঠের বাইরে রোনালদোর অনন্য রেকর্ড

ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। রেকর্ড ভাঙা গড়া যার প্রতিদিনের কাজ। ফুটবলে শেষ ১৮ বছরের ক্যারিয়ারে ফুটবলের এমন কোনো রেকর্ড নেই, যা তিনি করেননি কিংবা ভেঙেননি। মাঠে এবং মাঠের বাইরে বিপুল জনপ্রিয় এই ফুটবলার এবার মাঠের বাইরে গড়েছেন অনন্য এক রেকর্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোকে এখন অনুসরণ করে ৩০০ মিলিয়ন বা কোটি মানুষ! বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ৩০ কোটি ফলোয়ারের রেকর্ড ছুঁয়ে ফেললেন পর্তুগীজ এই যুবরাজ। তার ধারে কাছেও নেই কোনো তারকা। তার পরের অবস্থানে আছেন ‘দ্য রক’ খ্যাত তারকা ডোয়েন জনসন, তার ফলোয়ার সংখ্যা ২৪৬ মিলিয়ন অর্থাৎ ২৪ কোটি ৬০ লাখ।
শুধু ফলোয়ার সংখ্যাই নয়, ইনস্টাগ্রাম থেকে রোজগারেও বিশ্বের সেরা রোনালদো। ২০১৯ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত রোনালদো ইনস্টাগ্রাম থেকে রোজগার করেছেন ৫০.৩ মিলিয়ন মার্কিন ডলার, যা কিনা জুভেন্টাসে খেলার বেতনের থেকেও বেশি। জুভেন্টাসে খেলে বার্ষিক ৩৩ মিলিয়ন ইউরো রোজগার করেন রোনালদো। গত বছর বিশ্বের অ্যাথলেটদের মধ্যে সবচেয়ে বেশি ১২০ মিলিয়ন ডলার রোজগার করেছিলেন ক্রিস্টিয়ানো।
এদিকে, চলতি ইউরোতে পর্তুগালের জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করেছেন রোনালদো। তার জোড়া গোলের সুবাদেই হাঙ্গেরির বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করে পর্তুগাল। এই জোড়া গোলের সুবাদে ইউরোর সর্বকালের শীর্ষ গোলদাতা হয়েছেন রোনালদো। মিশেল প্লাতিনিকে পেছনে ফেলেন তিনি। ইউরোতে ৯ গোলের রেকর্ড নিয়ে এতদিন প্লাতিনি ছিলে শীর্ষে। আর এদিন হাঙ্গেরির বিরুদ্ধে জোড়া গোলের সুবাদে তাকে টপকে যান রোনালদো, ১১ গোলের নতুন রেকর্ড গড়েন এই পর্তুগিজ।



