জাতীয়

বিহারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ‘অজ্ঞাত কারণে’ মৃত্যু ৭৫ হাজার

বিহারে করোনার দ্বিতীয় ঢেউয়ে ‘অজ্ঞাত কারণে’ মৃত্যু ৭৫ হাজার - West Bengal News 24

নভেল করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ২০২১ সালের প্রথম পাঁচ মাসে বিহারে এমন ৭৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মৃত্যুর কারণ উল্লেখ নেই রাজ্য সরকারের হিসাবে।

সেখানকার ‘সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম’ বলছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা দশগুণ বেশি।

২০১৯ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত বিহারে ১ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যুর হিসাব দেখিয়েছে রাজ্য প্রশাসন। চলতি বছরে একই সময়ে ২ লাখ ২০ হাজার মানুষ মারা গেছে।

মৃত্যুর পরিসংখ্যান প্রকাশের ক্ষেত্রে বিহারের বিরুদ্ধে অভিযোগ পুরোনো। কভিডের ক্ষেত্রেও সেই ধারা অব্যাহত।

এর আগে, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং দিল্লির বিরুদ্ধে কভিডে মৃত্যু কমিয়ে দেখানোর অভিযোগ উঠেছিল। এই পাঁচ রাজ্যে অন্তত ৪ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি বলে উঠে এসেছিল সংবাদমাধ্যমে।

দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে দৈনিক সংক্রমণ ৬০ হাজারের নিচে নেমেছে। তবে দৈনিক মৃত্যু এখনো দেড় হাজারের বেশিই রয়েছে।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৪১৯ জন সংক্রমিত হয়েছেন যা ৮০ দিন পর সবচেয়ে কম।

একই সময়ে আরও ১ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৭১৩ জনে।

মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৬৫ জনে। বিশ্বে করোনা সংক্রমণে দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান দ্বিতীয়। অবশ্য মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি।

আরও পড়ুন ::

Back to top button