এ বছর কোনো ভক্তসমাগম ছাড়াই পালিত হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা, থাকছে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা
পরিস্থিতি বদলায়নি। তাই চিত্রনাট্যেও কোনও বদল নেই। পুরীতে রথযাত্রার আগে জগন্নাথ দেবের স্নানযাত্রায় এবারও থাকছেন না ভক্তরা। গতবারও তাই ঘটেছিল। আর তা ছিল ইতিহাসে প্রথম যে জগন্নাথ দেবের স্নানযাত্রায় কোনও ভক্ত নেই। আর এবার তো রাজ পরিবারের ঘনিষ্ঠ কর্মচারী কোভিডে আক্রান্ত হওয়ায় থাকবেন না পুরীর গজপতি রাজা দিব্যসিংহ দেবও। তা সত্ত্বেও প্রস্তুতিতে খামতি নেই। বৃহস্পতিবার সকাল থেকেই রীতি মেনে সমস্ত আয়োজন শুরু হয়েছে। স্নানযাত্রায় ৫০০-র মতো সেবায়েত কোভিড পরীক্ষা করিয়ে আচার সম্পন্ন করার অনুমতি পেয়েছেন।
প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের প্রথম পূর্ণিমাতেই জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজন করা হয়। এদিন গর্ভগৃহ থেকে মূর্তি তুলে এনে স্নান মণ্ডপে স্থাপন করা হয়। সেখানেই সুগন্ধি জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। স্নানের পাশাপাশি চলে মূর্তির সাজসজ্জা-অলঙ্করণ ইত্যাদি। ১০৮ ঘড়া জলে স্নানের পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথদেব।
Odisha: Visuals from Puri’s Jagannath Temple on the occasion of Deba Snana Purnima
Celebrations began in the absence of devotees as the Chief Administrator of the temple had said that the festival will be live-streamed for them across the world pic.twitter.com/r4OtkMJkPu
— ANI (@ANI) June 24, 2021
তাই এইসময় গৃহবন্দি অবস্থায় থাকেন। রথ পর্যন্ত বিশ্রাম নেন। তাই ভক্তরা জগন্নাথ দেবের দর্শন পান না। এই কয়েকদিন পুজোও হয় না তাঁর।
তবে রথযাত্রার দিন সুসজ্জিত রথে তিনি মাসির বাড়ি রওনা দেন। এবার তা সম্পন্ন হবে ১২ জুলাই। তার আগে স্নানযাত্রার আয়োজনে কোথাও কোনও খামতি রাখেনি মন্দির প্রশাসন। ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মন্দির চত্বরে যেমন কোনও ভক্ত প্রবেশ করতে পারবেন না, তেমনই জগন্নাথ দেবের স্নান দেখতেও কেউ উপস্থিত থাকতে পারবেন না। তবে জগন্নাথ দেবের স্নানযাত্রা গোটা বিশ্বে লাইভ স্ট্রিম করা হবে বলে জানিয়েছে পুরীর মন্দির কর্তৃপক্ষ। রাজা দিব্যসিংহ দেবের অনুপস্থিতিতে তাঁরই এক প্রতিনিধি নির্দিষ্ট রীতি পালন করে সোনার ঝাড়ু দিয়ে স্নানবেদী পরিষ্কার করবেন বলেই খবর।
সূত্র : আজকাল



