
আজ ৩টের সময় কাশ্মীর ইস্যু নিয়ে সর্বদল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। সূত্রের খবর, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে নির্বাচন করানোর কথা ভাবছে কেন্দ্র। সেই নিয়েই এদিন স্থানীয় রাজনীতিকদের সঙ্গে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী।
তার আগে বুধবার জম্মু ও কাশ্মীরের সমস্ত জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসল নির্বাচন কমিশন। কোন জেলায় কতগুলো বিধানসভা বা লোকসভা কেন্দ্র রয়েছে, সেই নিয়ে আলোচনা হয়েছে। সূত্র বলছে, উপনির্বাচন কমিশনার চন্দ্র ভূষণ কুমার ডিসি-দের এসব নিয়ে প্রশ্ন করেছেন।
প্রধানমন্ত্রী মোদি সর্বদল বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাতে সাড়া দিয়ে গুপকার জোট, কংগ্রেস, সিপিএম সহ জম্মু ও কাশ্মীরের স্থানীয় দলগুলো। ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ অধিকার (৩৭০ ধারা) রদ করে কেন্দ্র। গৃহবন্দি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর, ফারুক আবদুল্লা সহ রাজনীতিকদের। তার পর এই প্রথম কাশ্মীরের দলগুলোর মুখোমুখি হচ্ছেন মোদি।
এই বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মঙ্গলবার আলোচনায় বসেছে গুপকার জোট। নেতৃত্ব দেন এনসি প্রধান ফারুক আবদুল্লা। সেখানে নেতারা সর্বসম্মতভাবে একটাই সিদ্ধান্তে আসেন। বৈঠকে তাঁরা দাবি তুলবেন, কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা দিতে হবে। ফেরাতে হবে ৩৭০ ধারা। কংগ্রেসের হয়ে বৈঠকে যোগ দিচ্ছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং উপত্যকার কংগ্রেস প্রধান জিএ মীর। বৈঠকের আগে অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে বসেছেন তাঁরা।
সূত্র : আজকাল



