
ভুয়ো ভ্যাকসিন নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। আর এবার সেই ভ্যাকসিন নিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্র। করোনার টিকা নিয়ে যাতে কোনও ধরনের জালিয়াতি না হয়, তার জন্য কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন। দেশের দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র থেকে ভুয়ো টিকার অভিযোগ উঠেছে। তার জেরে সেই বৈঠকে এই রাজ্যগুলিকে আলাদা করে সতর্ক করা হয়েছে বলেই সূত্রের খবর।
ভুয়ো টিকার খবর এলেই যাতে কেন্দ্রকে এ বিষয়ে জানানো হয় সেই বৈঠকে রাজ্যগুলিকে বার্তা দেওয়া হয়েছে। কোথা থেকে এই ভুয়ো টিকা আসছে সেই সমস্ত বিষয়ে খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
তবে এই রাজ্যে যে ভুয়ো টিকার ঘটনা ঘটেছে সে বিষয়ে সরাসরি মাথা ঘামাতে চাইছে না কেন্দ্র। বরং এই বিষয়টিকে ফৌজদারি অপরাধ বলেই মনে করছে তারা। কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার পরেও সেই অ্যাপে উল্লেখিত জায়গা থেকে যদি কোনও ব্যক্তি সেই সময় ভুয়ো টিকা পান তবে সেই ক্ষেত্রে তারা সরাসরি হস্তক্ষেপ করতে পারে বলে জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত উল্লেখ্য, এ রাজ্যের কসবায় যে ঘটনা ঘটেছে সেই টিকাকরণ কেন্দ্রের কোনও সরকারি অনুমোদন ছিল না। তবে এদিন কেন্দ্রের কথায় স্পষ্ট, যেভাবে এই রাজ্যগুলিতে ভুয়ো টিকা ধরা পড়েছে সেই ঘটনার জেরে ভ্যাকসিনের বিষয়ে কড়া নজরদারি রাখতে বলা হচ্ছে রাজ্যগুলিকে।
সূত্র : আজকাল



