
করোনার দ্বিতীয় তরঙ্গে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও, এখনও তা ৪০ হাজারের উপরেই। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। করোনার দ্বিতীয় বর্ষের ২৮ জুন পর্যন্ত দেশে মোট কোভিড আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সংক্রমণ চিন্তায় রাখলেও, দৈনিক মৃত্যু কমে যাওয়ায় স্বস্তি বোধ করছেন চিকিত্সকেরা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় বলি হয়েছেন ৯৭৯ জন। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ এপ্রিলের পর মৃত্যু কমে এক হাজারের নীচে নামল। এখনও পর্যন্ত দেশে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন।
বেশ কয়েকদিন ধরেই সংক্রমণের হার টানা ৩ শতাংশের কম। সুস্থতার হার বেড়ে যাওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার কমেছে। দেশে এই মুহূর্তে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪। মৃত্যু কমলেও, টিকাকরণের হার এক ধাক্কায় কমে যাওয়ায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন। অথচ শনিবারেই দেশে ৬৪ লক্ষের বেশি মানুষের টিকাকরণ হয়েছে। এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ৩২ কোটি ৩৬ লক্ষের বেশি।
India reports 46,148 new #COVID19 cases, 58,578 recoveries and 979 deaths in the last 24 hours as per the Union Health Ministry
Total cases: 3,02,79,331
Total recoveries: 2,93,09,607
Active cases: 5,72,994
Death toll: 3,96,730Recovery rate: 96.80% pic.twitter.com/po62eUmMhC
— ANI (@ANI) June 28, 2021
করোনার দ্বিতীয় তরঙ্গ বেশ খানিকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তরঙ্গ আছড়ে পড়ার পর দৈনিক সংক্রমণ ছাড়িয়ে গিয়েছিল ৪ লক্ষের উপরে। এবং দৈনিক মৃত্যু বেড়ে দাঁড়িয়েছিল ৬ হাজারের বেশি। ডেল্টা প্লাস-এর চোখ রাঙানি সত্ত্বেও সোমবার সকাল ৮ টা পর্যন্ত পরিসংখ্যান খানিকটা স্বস্তি দিল বিশেষজ্ঞদের।
সূত্র : আজকাল



