
দীর্ঘদিন ধরে নিখোঁজ বাবা। হন্যে হয়ে বাবাকে খুঁজে বেড়াচ্ছিলেন ছেলে। এরপর বাবাকে খুঁজে পেলেও তিনি যে ঘটনার সম্মুখীন হলেন, তাতে চোখ কপালে উঠতে বাধ্য। কারণ শুধু বাবাই নয়। তাঁর সঙ্গে নিজের প্রাক্তন স্ত্রীর খোঁজ পেলেন ওই যুবক। ওই মহিলা এখন আর শুধু তাঁর প্রাক্তন স্ত্রীই নন। তিনি যুবকের সত্ মাও বটে। বাবা এবং সত্ মায়ের বছর দুয়েকের একটি সন্তানও রয়েছে।
উত্তরপ্রদেশের বদায়ুঁতে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে বছর আটচল্লিশের ওই ব্যক্তি পেশায় সাফাইকর্মী। আচমকাই পরিবার ছেড়ে সম্ভলে থাকতে শুরু করেন ওই ব্যক্তি। বন্ধ করে দেন টাকা পাঠানো। একসময় যোগাযোগও বন্ধ করে দেন। এরপরই বাবার ঠিকানা জানতে আরটিআই মামলা রুজু করেন ওই ব্যক্তির ছেলে। তাতেই সামনে আসে বাবার নতুন সংসারের কথা।
জানা গিয়েছে, বাবা যাঁকে বিয়ে করেছেন তাঁর সঙ্গে যুবকের ২০১৬ সালে বিয়ে হয়েছিল। সেই সময় অবশ্য তাঁরা দু’জনেই অপ্রাপ্তবয়স্ক ছিল। ৬ মাসের মধ্যেই সংসারে ভাঙন ধরে।
নিজের স্বামীকে মদ্যপ বলে দাবি করেন কিশোরী স্ত্রী। সংসার করবেন না বলে সিদ্ধান্ত নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান তিনি। এখন বাবার সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়ে মেনে নিতে পারছেন না ওই যুবক। তিনি আইনি পদক্ষেপ করেন।
বিসৌলি থানায় অভিযোগ জানান। যুবকের বর্তমান সত্ মা প্রাক্তন স্বামীর কথা স্বীকার করে নেন। তবে আর কখনই প্রাক্তনের কাছে ফিরবেন না বলেই জানিয়ে দিয়েছেন। মহিলার দাবি, বর্তমানে যুবকের বাবার সঙ্গে সুখে দিন কাটছে তাঁর।
ওই থানার পুলিশ আধিকারিকের দাবি, সঠিক নিয়ম মেনে প্রথম বিয়ে হয়নি মহিলার। কোনও প্রমাণও নেই। তাই তাঁর বিরুদ্ধে কোনও মামলা রুজু করা সম্ভব নয়। তবে দু’পক্ষকে আলোচনায় বসার জন্য নোটিস দেওয়া হয়েছে।
সুত্র : আজকাল



