
ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে অপরাধী সাব্যস্ত হলেন দক্ষিণের লোকসভার সাংসদ মালোথ কবিতা। ২০১৯ সালের নির্বাচনে তিনি ভোটারদের ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। মালোথের সহযোগী শৌকতকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। দু’জনেরই ছ’মাসের কারাবাসের সাজা ঘোষণা হয়। এর পরে তাঁরা উচ্চতর আদালতে যাবেন বলে জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুর হয়।
মালোথ কবিতা তেলঙ্গনার মেহবুবাদ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন। তাঁকে নিয়ে মোট তিনবার এমপি-এমএলএ বিশেষ দায়রা আদালতে জন প্রতিনিধিদের কারাবাসের সাজা দেওয়া হল সাম্প্রতিক সময়ে। কিন্তু সে সবের মধ্যে ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগ কার্যত বেনজির। ২০১৯ সালের সাধারণ নির্বাচনের সময় মালোথ কবিতার সহযোগী শৌকত আলিকে প্রথমে পাকড়াও করেন রেভিনিউ আধিকারিকরা।
জানা যায়, কবিতাকে ভোট দেওয়ার বিনিময়ে ভোটারদের মাথাপিছু ৫০০ টাকা করে দিচ্ছিলেন শৌকত। হাতেনাতে ধরা পড়েছিলেন তিনি। জেরায় তিনি স্বীকার করেন, সাংসদের হয়ে ৫০০ টাকা করে ঘুষ দিচ্ছিলেন বলে। ওই ঘুষের টাকাও তাঁকে কবিতাই দিয়েছেন বলেও তদন্তকারীদের কাছে জানিয়ে দেন তিনি। এর পরেই শৌকত এবং কবিতার বিরুদ্ধে মামলা রুজু হয়।
সেই মামলার শুনানিতে দু’জনকেই দোষী সাব্যস্ত করেন বিচারপতি ভিআরআর ভারাপ্রসাদ। তিনি দুজনকেই ছ’মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এখন দেখার, উচ্চতর আদালতে আবেদনের পরে কী হয় সেখানে।
সূত্র: দ্য ওয়াল



