রাজনীতিরাজ্য

মোদির সভার দিনে দিল্লি গেলেন দিলীপ, জল্পনায় ইতি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : মোদির সভার দিনে দিল্লি গেলেন দিলীপ, জল্পনায় ইতি - West Bengal News 24

দীর্ঘদিনের জল্পনায় ইতি টেনে, দুর্গাপুরে প্রধানমন্ত্রী মোদির জনসভায় হাজির থাকছেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। শুক্রবার সকালেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দেন। দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি যেন বুঝিয়ে দেন, দলের সঙ্গে তাঁর দূরত্ব অনেকটাই বেড়েছে। বলেন, “কর্মীরা ডেকেছিলেন। কিন্তু দল চায় না আমি সভায় থাকি।”

গত কয়েকদিন ধরেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল—মোদির সভামঞ্চে দেখা যাবে কি দিলীপ ঘোষকে? কখনও শোনা গিয়েছে, তাঁর কাছে নাকি দলের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গিয়েছে। যদিও পরে দিলীপ নিজেই দাবি করেন, রাজ্য বিজেপির তরফে কোনও নিমন্ত্রণ পাননি। তিনি জানিয়েছিলেন, একজন সাধারণ কর্মী হিসেবে সভায় যেতে ইচ্ছুক। তবে বৃহস্পতিবার রাতে খবর ছড়ায়, তিনি আর যাচ্ছেন না। এরপরই সোশাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন তিনি—“আমরা থাকব, আপনি আসুন।” এই বার্তার পর জল্পনা আরও গাঢ় হয়।

শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ দমদম বিমানবন্দরে দেখা যায় দিলীপ ঘোষকে। সেখানে তিনি জানান, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন তিনি, এবং সেটিও দলেরই কাজ। তবে মোদির সভার দিনেই কেন এই সফর? দিলীপ স্পষ্ট করে বলেন, “আমাকে কর্মীরা ডেকেছিলেন। তাই হ্যাঁ বলেছিলাম। পার্টি ডাকেনি। হয়তো পার্টি চায় না আমি যাই। আমি গেলে হয়তো অস্বস্তি হবে। তাই আমি দুর্গাপুর যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজ।”

বহুদিন ধরেই আদি বনাম নব্য গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপি। সময়ের সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষ দলের মূলস্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়েছেন বলেই মনে করছেন অনেকে। শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর অনেকে আশা করেছিলেন এই চিত্র বদলাবে। কিন্তু মোদির সভায় দিলীপ ঘোষকে উপেক্ষা করার ঘটনায় ফের সামনে এল দলের অভ্যন্তরীণ টানাপোড়েন। এখন নজর, দিলীপ ঘোষ ২১ জুলাই কী ভূমিকা নেন, সেদিকেই।

আরও পড়ুন ::

Back to top button