৪৮ ঘণ্টায় বড়সড় ধাক্কা মাওবাদীদের – হিদমা নিহতের পর ফের এনকাউন্টারে মৃত্যু আরও ৭ জনের
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার মাদভি হিদমার মৃত্যুর ঠিক একদিন পর আবারও বড় ধাক্কা খেল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)। মঙ্গলবার ছত্তিশগড়–অন্ধ্রপ্রদেশের সীমানায় অভিযানে হিদমা ও তাঁর স্ত্রী রাজে ওরফে রাজক্কা নিহত হওয়ার পর বুধবার ভোরে ফের সংঘর্ষে প্রাণ হারিয়েছে আরও সাত জন মাওবাদী।
সূত্রের খবর, নিহতদের মধ্যে রয়েছেন তিন মহিলা সদস্যও। ইতিমধ্যেই একজনের পরিচয় পাওয়া গিয়েছে শ্রীকাকুলামের বাসিন্দা মেটুরি জোখা রাও ওরফে শঙ্কর। তিনি প্রযুক্তি ও অস্ত্র পরিচালনায় দক্ষ ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা।
বুধবার সকালে আলুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির ঘন জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও পুলিশের টহলের মাঝেই মাওবাদীরা গুলি চালাতে শুরু করে। পাল্টা আক্রমণ করে বাহিনীও। দীর্ঘক্ষণ চলা এই সংঘর্ষে সাত মাওবাদীর মৃত্যু হয়। অন্য সদস্যদের খোঁজে এখনও অভিযান চলছে।
অন্ধ্র পুলিশের এডিজি (ইন্টেলিজেন্স) মহেশচন্দ্র লাড্ডা জানান, মঙ্গলবার হিদমাসহ ছয় মাওবাদী নিহত হওয়ার পর থেকেই জঙ্গল ঘিরে রাতভর তল্লাশি চলছিল। গত দুই দিনে রাজ্যের বিভিন্ন জেলা এনটিআর, কৃষ্ণা, কাকিনাড়া, কোনাসীমা ও এলুরু মিলে মোট ৫০ জন মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৪৫টি অস্ত্র, ২৭২ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন, ৭৫০ গ্রাম তার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম।
হিদমার মৃত্যু সাম্প্রতিক সময়ে মাওবাদীদের ওপর সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। গত কয়েক দশকে দেশের ২৬টি বড় মাওবাদী হামলার সঙ্গে তাঁর নাম জড়িত ছিল বলে নিরাপত্তা বাহিনীর দাবি।



