জেলে ইমরান খানের ‘অদৃশ্য’ রহস্য! পরিবারকে সাক্ষাৎ-বঞ্চনা, উঠছে খুনের গুঞ্জন
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন না ইমরান খান। সেই কারণেই বাড়ছে সন্দেহ জেলেই কি খুন করা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে? এই প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ছড়িয়ে পড়েছে।
দুই বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি। বর্তমানে রয়েছেন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তালিকার শীর্ষে উঠে এসেছেন ইমরান খান (Imran Khan)। দাবি উঠছে, তাঁকে নাকি কারাগারের ভেতরেই হত্যা করা হয়েছে! তবে এখনও পর্যন্ত কোনও বিশ্বস্ত সংবাদমাধ্যম বা সরকারি সূত্র এই দাবির সত্যতা স্বীকার করেনি।
প্রথম এই জল্পনার আগুন ছড়ায় ‘আফগান টাইমস’ নামের এক্স-এর একটি অ্যাকাউন্ট। তাদের দাবি ছড়িয়ে পড়তেই অন্যান্য কয়েকটি সূত্রও একই কথা বলতে শুরু করে। অভিযোগ উঠে, ইমরানের সঙ্গে তাঁর পরিবারের দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে না। তাঁকে রাখা হয়েছে আলাদা সেলে, অন্যান্য বন্দিদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে। গত সপ্তাহে নিয়মিত সাক্ষাতের জন্য তাঁর বোনেরা জেলে পৌঁছলেও, প্রশাসন তাঁদের ভিতরে ঢুকতে দেয়নি। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর তিন বোন আলেমা, উজমা ও নওরিন খান জেল গেটের সামনে প্রায় ১০ ঘণ্টা অবস্থান বিক্ষোভে বসেন। তাঁদের এই প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও।
এমনকী সেখানে তাঁদের নিগ্রহ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। তারপর থেকেই জল্পনা আরও তীব্র আকার ধারণ করে। বুধবার কারাগারের বাইরে পিটিআই সমর্থকদের বিক্ষোভ চললেও কাউকে ইমরানের কাছে যেতে দেওয়া হয়নি। ফলে প্রশ্ন উঠছে তাহলে কি সত্যিই কোনও অঘটন ঘটেছে? যদি তা না হয়ে থাকে, তাহলে ইমরান খান কোথায়? তাঁর বোনেদের দাবি, গত তিন সপ্তাহ ধরে তাঁরা ৭২ বছরের এই প্রাক্তন শাসককে দেখতেই পাননি।
ইমরানের বিরুদ্ধে রাষ্ট্রীয় উপহার বিক্রি এবং আরও কিছু দুর্নীতির অভিযোগে মামলা চলায় গত দু’বছরেরও বেশি সময় তিনি কারাগারে বন্দি আছেন। তাঁর পরিবার ও বোনেদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে কঠোর এবং অমানবিক অবস্থায় একাকী সেলে রাখা হচ্ছে। তাঁরা তাঁর অবিলম্বে মুক্তি দাবি করছেন। এর মধ্যেই তাঁর মৃত্যুকে ঘিরে ছড়ানো গুঞ্জন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।



