হরমুজে ভারতীয় তেলবাহী জাহাজে গুলিবর্ষণ, ইরানের রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ইরানের নৌবাহিনী আচমকাই গুলি চালায়, যার ফলে জাহাজ দুটি সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। ঘটনার ব্যাখ্যা জানতে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশমন্ত্রক। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের খবর, ইরাক থেকে তেল নিয়ে ফিরছিল ‘জাগ অর্ণব’ ও ‘সামনার হেরাল্ড’ নামের দুটি জাহাজ। প্রতিটি জাহাজেই বিপুল পরিমাণে তেল বোঝাই ছিল। উত্তর ওমান উপকূলের কাছে হঠাৎ করেই হামলার মুখে পড়ে তারা। এতে ‘জাগ অর্ণব’ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও অন্য জাহাজটি অক্ষত রয়েছে। পরিস্থিতির চাপে জাহাজ দুটিকে পিছু হটতে হয়। বর্তমানে ওই এলাকায় কোনও ভারতীয় যুদ্ধজাহাজ নেই, যদিও ওমান উপসাগরে ভারতীয় নৌবাহিনীর কিছু জাহাজ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন :: হরমুজে পাতা মাইনেই বিপাকে ইরান, শান্তি বৈঠকের আগে মার্কিন দাবি ঘিরে চাঞ্চল্য
এই ঘটনাকে গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং হামলার কারণ খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাতালিকে তলব করে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতিতে একাধিক সিদ্ধান্ত ও পালটা বিবৃতির জেরে এই জলপথকে কেন্দ্র করে সংঘাত আরও জটিল হয়েছে। এরই মাঝে ভারতীয় জাহাজে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।



